আজ মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা, যাকে কুরবানি ঈদও বলা হয়। সারা দেশের মতো রাজ্য জুড়েও পালিত হচ্ছে উৎসবের আমেজ। কলকাতার হৃদপিণ্ডে রেড রোডে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো ঈদের বিশেষ জামাত।
ভোর থেকেই রেড রোড পরিণত হয়েছিল এক উৎসবমুখর প্রাঙ্গণে। সাদা পোশাকে সজ্জিত হাজার হাজার মুসল্লি একত্রিত হন ঈদের নামাজ আদায়ের জন্য। মুখে ছিল খুশির হাসি, হৃদয়ে শান্তি ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। নামাজ শুরু হয় সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ। সুষ্ঠুভাবে নামাজ পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তার বন্দোবস্ত। নজরদারিতে ছিল কলকাতা পুলিশ, RAF ও ড্রোনের নজরদারি।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে “ঈদ মোবারক” জানাতে থাকেন। বন্ধুত্ব, ভালোবাসা ও সম্প্রীতির আবহে মুখর হয়ে ওঠে গোটা রেড রোড এলাকা। ছোট ছোট শিশুদের চোখে-মুখে ছিল আনন্দের ঝলক, হাতে নতুন জামা-কাপড় আর আতর-টুপি।
এই উৎসব কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মত্যাগ, সহানুভূতি ও মানবিকতার এক চিরন্তন বার্তা বহন করে। আজকের এই দিনে বহু মানুষ গরিব-দুঃস্থদের মধ্যে মাংস ও খাবার বিতরণ করে সামাজিক দায়িত্ব পালন করেন।
রেড রোডের এই ঈদের জামাত শুধু নামাজের আয়োজন নয়, এটি এক বিরাট মিলনমেলা — যেখানে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হয়ে ওঠে মানুষের পাশে। সম্প্রীতির এই চিত্রই কলকাতার গর্ব, বাংলার অহংকার।







