ঈদের মতো পবিত্র দিনে যখন সর্বত্র খুশির আমেজ, তখন হুগলি-চুঁচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক ভিন্ন চিত্র। সকাল হতেই ইমামবাড়া সংলগ্ন এলাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ঈদের আগে বারবার জানানো সত্ত্বেও এলাকা পরিষ্কারের কোনও উদ্যোগ নেয়নি পৌরসভা। ফলে ঈদের দিন সকালে আবর্জনার স্তুপের মাঝে নামাজ ও উৎসব পালন করতে হচ্ছে—এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে অস্বস্তি ও ক্ষোভ দানা বাঁধে এলাকাবাসীর মধ্যে।
সকালে যখন পৌরসভার তরফে আবর্জনা ফেলার গাড়ি এসে পৌঁছয়, তখন ক্ষুব্ধ জনতা সেই গাড়িকে বাধা দেন ও এলাকা ছাড়তে বলেন। তাদের প্রশ্ন, “যদি ঈদের আগের দিন পরিষ্কার করা না হয়, তবে ঈদের দিন এসে সেটা করে মুখ দেখানোর মানে কী?”
পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকলেও পরে ধীরে ধীরে শান্ত হয় এবং আংশিকভাবে এলাকা পরিষ্কার করা হয়।
এই প্রসঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা সেন জানান, “লেবার ও গাড়ির ঘাটতির জন্য এমন পরিস্থিতি হয়েছে। সকালে লোক পাঠানো হয়েছিল, কিন্তু স্থানীয় বাধার মুখে পড়ে তারা কাজ করতে পারেনি। বিষয়টি সিআইসি-কে জানানো হয়েছে। খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে পৌরসভার দায়িত্ববোধ এবং তৎপরতা নিয়েই। এমন দিনে এমন অব্যবস্থা প্রশাসনিক গাফিলতিরই প্রমাণ বলে মনে করছেন অনেকেই।







