বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত কলকাতা হাইকোর্ট। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের (কেন্দ্রীয় বাহিনী) বিধানসভা চত্বরে প্রবেশাধিকারের আবেদন ঘিরে বুধবার ছিল মামলার শুনানি। এই ইস্যুতে আদালত কক্ষের আলোচনা এখন রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার নেই। সেই প্রবেশাধিকার চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। আজ শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা আবেদনকারীর আইনজীবীকে উদ্দেশ্য করে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন।
বিচারপতি জানতে চান, “শুভেন্দু অধিকারী কেন্দ্র এবং রাজ্য, দু’টি নিরাপত্তাই পান?” এরপর তিনি আরও প্রশ্ন করেন, “বিধানসভার ভিতরে কি এমন হুমকির বিষয় আছে, যে নিরাপত্তার প্রয়োজন? আপনি আপনার নিরাপত্তারক্ষীদের ভিতরে প্রবেশ করাতে চাইছেন। এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ কীভাবে সম্ভব?” বিচারপতির প্রশ্ন ছিল সরাসরি, “বিধানসভার ভিতরে প্রবেশ করে কীভাবে বাইরের মানুষ বিধায়কদের হুমকি দেবে?”
প্রসঙ্গত, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের নিরাপত্তা ছাড়াও কেন্দ্রীয় সরকারের জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। গত বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর এই নিরাপত্তা আরও বাড়িয়েছে, যার ফলে এখন তিনি দেশের যেকোনো প্রান্তে এই জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। এই পরিস্থিতিতে বিধানসভার মতো সুরক্ষিত এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকারের বিষয়টি আইনি জটিলতা তৈরি করেছে, যার মীমাংসা এখন আদালতের হাতে।







