রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে প্রথম অভিযানে নেমেই বাজিমাত করলেন! তাঁর অধীনে প্রথম ম্যাচেই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলই এনে দিল কাঙ্ক্ষিত জয়। আনচেলত্তি-ভিনিসিয়াস জুটি যেন রিয়ালের সাফল্যকেই ব্রাজিলের মাটিতে ফিরিয়ে আনলো, যা সমস্ত সংশয় উড়িয়ে দিয়ে ফুটবলের মহাযজ্ঞে সেলেকাওদের উপস্থিতি নিশ্চিত করল।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা আগেই বিশ্বকাপ যোগ্যতা অর্জন করেছিল। তবে এদিন তারা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে।
মারাকানায় প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে আনচেলত্তির অধীনে ব্রাজিল কেবল একটি ম্যাচ খেলেছিল, ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র হয়েছিল সেই ম্যাচ। কিন্তু এদিন যে ব্রাজিলকে দেখা গেল, তা ছিল সম্পূর্ণ ভিন্ন এক দল। ছন্নছাড়া নয়, বরং নিজেদের মধ্যে বোঝাপড়া ছিল অনেক স্পষ্ট। দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, বল দখলে রাখা এবং নিখুঁত পাসিং- সবক্ষেত্রেই দলের মধ্যে এক নতুন ছন্দ দেখা গেল।
ম্যাচের প্রথমার্ধেই এলো সেই কাঙ্ক্ষিত গোল। ডানদিক থেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন ম্যাথিউস কুনহা। তাঁর মাটি ঘেঁষা ক্রস থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ব্রাজিলের ‘নম্বর টেন’ ভিনিসিয়াস। প্যারাগুয়ের ডিফেন্ডাররা বুঝতেই পারেননি, কীভাবে শিকারী বাঘের মতো ভিনিসিয়াস বেরিয়ে এসে গোল করে গেলেন। ওই এক গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
পরিসংখ্যানও বলে দিচ্ছে ব্রাজিলের দাপটের কথা। মোট ১১টি শটের মধ্যে ৪টি ছিল গোলমুখে। বল পজিশন ছিল ৭৩ শতাংশ। কুনহা ছাড়াও রাফিনহা ও মার্টিনেলিকে সুযোগ দেওয়ার ফল পেল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে প্যারাগুয়ে কিছুটা চাপ সৃষ্টি করলেও, দ্রুতই ম্যাচের রাশ নিজেদের দখলে নেয় আনচেলত্তির দল। এই জয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আনচেলত্তির ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল। ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে খেলেছে।







