বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ হিসেবে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গত দুই বছরে তার বাজার মূল্য হারিয়েছে! ডি অ্যান্ড পি অ্যাডভাইসরি কর্তৃক প্রকাশিত ‘বিয়ন্ড ২২ ইয়ার্ড-দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস, দ্য প্রাইস অফ রেগুলেশন’ শীর্ষক এক চাঞ্চল্যকর রিপোর্টে এই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত দুই বছরে আইপিএলের সামগ্রিক মূল্য এক ধাক্কায় প্রায় ১১ শতাংশ কমে গিয়েছে। ২০২৩ সালে যা ছিল ৯২৫০০ কোটি টাকা, তা কমে ২০২৫ সালে দাঁড়িয়েছে ৭৬১০০ কোটি টাকায়। শুধু পুরুষদের লিগ নয়, উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) মূল্যও ৫.৬ শতাংশ কমে ১২৭৫ কোটিতে দাঁড়িয়েছে।
বিশ্বের সবচেয়ে ধনী এই লিগ কেন জৌলুস হারাচ্ছে, তার প্রধান দুটি কারণ রিপোর্টে তুলে ধরা হয়েছে। প্রথমত, কেন্দ্রীয় সরকারের অনলাইন বেটিং অ্যাপ বন্ধ করার নতুন আইন। সংসদের বাদল অধিবেশনে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ পাশ হওয়ার পর ড্রিম ১১, এমপিএল-সহ প্রায় ১১টি বড় গেমিং প্ল্যাটফর্ম তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এই বেটিং সংস্থাগুলি আইপিএলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল এবং নতুন আইনের ফলে আইপিএলের অন্তত ২ হাজার কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা। দ্বিতীয়ত, সম্প্রচার স্বত্ব থেকে প্রত্যাশিত আয় না হওয়া। যদিও টিভি এবং লাইভ স্ট্রিমিংয়ে দর্শকসংখ্যা বেড়েছে, তবে সেই অনুপাতে আইপিএলের কোষাগার ভরেনি। রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে, কেবল ম্যাচ সম্প্রচার নয়, অন্যান্য আকর্ষণীয় উপায়েও ক্রিকেটপ্রেমীদের আইপিএলের প্রতি আকৃষ্ট করতে হবে। এই পরিস্থিতি বজায় থাকলে আগামী বছরেও আইপিএলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ।







