সম্প্রতি চালু হয়েছে শ্রীনগর নওগাম থেকে মাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস। এবার বন্দে ভারত এক্সপ্রেসর চড়ে বৈষ্ণব দেবীর কাটরায় যাত্রা করলেন জম্মু-কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। পাশাপাশি এই রেল পরিষেবার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
গত ৬ ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। এই প্রথম শ্রীনগরকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করা হলো। এই রেল পরিষেবা চালু হওয়ার ফলে কম সময়ের মধ্যেই শ্রীনগর থেকেই বৈষ্ণব দেবীর মন্দিরের দর্শন পাওয়া সম্ভব হয়ে উঠেছে। যার জন্য এবার সেই বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে বৈষ্ণব দেবীর মন্দির দর্শনে গেলেন ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লাহ। বলাই বাহুল্য এই রেল পরিষেবা কাশ্মীরের পর্যটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে যখন সড়কপথ অনেক সময় ব্যয় করে এবং বিমান ভ্রমণ ব্যয়বহুল হয়ে ওঠে।
পাশাপাশি পরিষেবা বাণিজ্যের ক্ষেত্রে বেশ উপকারী। যার জন্য ফারুক আব্দুল্লাহও এই পরিষেবার ভুয়সী প্রশংসা করেন। এমনকি তিনি দাবি করেন এই পরিষেবার মাধ্যমে কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছে যেতে পারবে। এছাড়াও তিনি চেনাব ব্রিজ পার হওয়ার সময় বেশ আবেগপ্রবণ হয়ে যান।
এ প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ জানিয়েছেন, , “আমার চোখে জল ছিল। অবশেষে সেই দিন এসেছে যখন আমরা কাশ্মীর থেকে ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারব।”







