গ্যাস্ট্রোলজির সমস্যার চিকিৎসা করাতে গিয়েছিলেন এক মহিলা ও তাঁর মেয়ে। নামী চিকিৎসকের উপর আস্থা রেখেছিলেন। কিন্তু সেই আস্থাই আজ বিষময় হয়ে দাঁড়িয়েছে তাঁদের জীবনে। ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হল মা ও মেয়েকে। অভিযোগ, চিকিৎসকের চেম্বারে শারীরিক পরীক্ষার নাম করে দু’জনেরই সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে বারাসতের একটি চিকিৎসা কেন্দ্রে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন মা। অভিযোগ, প্রথমে মেয়েকে চেম্বারে ডেকে পাঠান চিকিৎসক। সেখানেই স্টেথোস্কোপ জামার ওপর দিয়ে না শুনে সরাসরি ভিতরে হাত ঢুকিয়ে পরীক্ষা করতে যান তিনি। আচমকা এমন আচরণে হতচকিত হয়ে যায় মেয়ে। কিছু না বলে চেম্বার থেকে বেরিয়ে যায়।
এরপর মাও নিজে চিকিৎসকের কাছে যান নিজের বুকে ব্যথার সমস্যা নিয়ে। কিন্তু একই অভিজ্ঞতার সম্মুখীন হন তিনিও। নির্যাতিতার কথায়, “আমি বুঝতে পারি কিছু ঠিকঠাক হচ্ছে না। শেষমেশ আমি হাতটা চেপে ধরি, তবেই তিনি থামেন।”
চিকিৎসা কেন্দ্রে অভিযোগ জানাতে গেলে কর্তৃপক্ষও কোনও সহযোগিতা করেননি বলে অভিযোগ মহিলার। শেষমেশ বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে।
এই ঘটনার জেরে স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে—নিরাপদ বলে বিবেচিত চিকিৎসকের চেম্বারই কি আজ মহিলাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে?







