উত্তর ২৪ পরগনার মিনাখায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর সত্তরের নুরো মোল্লা। প্রতিদিনের মতোই বাজার সেরে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। রাস্তার উপরই থেমে গেল জীবন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাপালি গ্রাম পঞ্চায়েতের ঘোনারবনের বাসিন্দা নুরো মোল্লা সাইকেলে করে ফিরছিলেন চাঁপাপুকুর দিক থেকে। সেই সময় ভেবিয়া শ্মশানের কাছে মালঞ্চগামী একটি ১২ চাকার ডাম্পার দ্রুত গতিতে ছুটে আসছিল। আচমকা একটি ট্রাক তাঁর সাইকেলে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে ডাম্পারটি তাঁকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রবীণ ব্যক্তির।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। মিনাখা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় নিয়মিতভাবেই ডাম্পার ও ভারী ট্রাক চলাচল করে। দ্রুত গতিতে ছুটে চলা এসব যানবাহনের দৌরাত্ম্যে প্রতিদিন আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। তারা প্রশাসনের কাছে অবিলম্বে ট্রাফিক নিয়ন্ত্রণ, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নজরদারির দাবি জানিয়েছেন।
নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোক। সকালের স্বাভাবিক রুটিনেই বেরিয়েছিলেন নুরো মোল্লা, কয়েক মিনিটেই সব কিছু বদলে যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এই দুর্ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখাল, নিয়ন্ত্রণহীন ডাম্পার চলাচল কতটা বিপজ্জনক হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য।







