২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই ঘর গোছাতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক পুনর্গঠনের ঢেউ এসে পৌঁছেছে ঘাটালেও। জেলা সভাপতির পদে অজিত মাইতির নাম ঘোষণার পর, এবার শাখা সংগঠনেও রদবদলের ছোঁয়া। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের ভরসার মানুষ হিসেবে ফের মাঠে নামাল সৌরভ চক্রবর্তী ও তনয়া দাসকে।
জেলার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সৌরভ চক্রবর্তী আবারও ঘাটাল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন। জেদ, জনসংযোগ আর জয়—এই তিন অস্ত্রকে পুঁজি করেই বারবার সংগঠনের ভিত মজবুত করেছেন তিনি। তৃণমূলের অন্দরে অনেকেরই মন্তব্য, ‘‘সৌরভ মানেই আগুনে লড়াই।’’
একইসঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে আবারও জায়গা ধরে রাখলেন তনয়া দাস। জেলা পরিষদের প্রাক্তন সদস্যা তনয়া মাটির কাছাকাছি থাকা নেত্রীদের মধ্যে অন্যতম। জনসংযোগে দক্ষ, তৃণমূল স্তরে মহিলাদের নিয়ে আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তিনি। নাম ঘোষণার পরে তনয়ার মুখে স্পষ্ট বার্তা, “আমরা দিদির সৈনিক। প্রয়োজনে জীবন দেব, পিছু হটব না।”
নতুন পুরনো মিলিয়ে তৃণমূলের কৌশল স্পষ্ট—জমি যাঁদের, সংগঠনের ঘুঁটি এবার তাঁরাই চালাবেন। দলের অন্দরে শুরু হয়েছে নতুন উদ্যমে ভোটের লড়াইয়ের প্রস্তুতি।
ঘাটালের মাঠে তৃণমূলের ঘুঁটি সাজানো শুরু—এবার ‘গেম প্ল্যান’ কড়া।







