বাংলায় নির্বাচনী প্রচারে সামিল হয়ে ফের ইমাম ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান অমিত শাহ। মুসলিম তোষণের অভিযোগ তুলে জনগণের টাকা থেকে ইমামদের ভাতা দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শাহ-উবাচ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ভাতা দিচ্ছেন। এভাবে দরিদ্র মানুষের অর্থ থেকে কি ইমামদের ভাতা দেওয়া যায়?’ পরবর্তীতে তাঁর সংযোজন, ‘আমাকে বাংলা থেকে ৩০টি আসন দিন আমি এই সমস্ত তোষণ বন্ধ করব।’
তোষণের পাশাপাশি রাম মন্দিরের বিষয়ে ভোট ব্যাঙ্ক নিয়েও মমতাকে কটাক্ষ করেন শাহ। কাঁথির সভামঞ্চ থেকে বলেন, ‘বহু বছরের লড়াইয়ের পর রামমন্দির তৈরি হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সমককে আমন্ত্রণ করা হয়েছিল। মমতা দিদিকেও আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তিনি যাননি।’ না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহ ভোট ব্যাঙ্ক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি সোচ্চার হন। চড়ছে রাজনৈতিক পারদ।







