নিজের কলেজেই ধর্ষণের শিকার ছাত্রী—এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। কসবা ল’ কলেজ কাণ্ডের পর এবার দিল্লি থেকে বিশেষ ফ্যাক্ট-ফাইন্ডিং টিম পাঠাল বিজেপি। চার সদস্যের ওই প্রতিনিধি দলের প্রথম সদস্য হিসেবে আজ কলকাতায় পা রাখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যাঙ্গালুরু থেকে বিমানযোগে দমদম বিমানবন্দরে এসে পৌঁছন তিনি।
তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
সূত্রের খবর, বাকি তিন সদস্য—কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং এবং বিশিষ্ট আইনজীবী মনন কুমার মিশ্র—দিল্লি থেকে রওনা দিচ্ছেন। এই চার সদস্যের কমিটি রাজ্যে এসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন, কলেজ চত্বরে যাবেন এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে রিপোর্ট তৈরি করবেন।
এই প্রতিনিধি দল রাজ্য সরকারের ভূমিকা, প্রশাসনিক গাফিলতি ও পুলিশের পদক্ষেপ খতিয়ে দেখবে বলে জানা গেছে। সূত্রের দাবি, এই রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেওয়া হবে।
সাধারণ একটি কলেজের ছাত্রী কীভাবে নিজেরই ক্যাম্পাসে ধর্ষণের শিকার হল, সেই প্রশ্নেই এবার সরব দিল্লি—রাজ্য রাজনীতিতে তা যে আরও ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য।







