চ্যাম্পিয়নের আনন্দ যে মৃত্যুর মিছিল ডেকে আনতে পারে, তা কে ভেবেছিল! আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র উদ্যাপনই এখন বিতর্কের কেন্দ্রে। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু নিয়ে ‘সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল’ (ক্যাট)-এর প্রাথমিক রিপোর্টে বিরাট কোহলিদের দলকেই দায়ী করা হয়েছে। আরসিবি-র আচরণকে ‘উপদ্রব’ বলেও ব্যাখ্যা করেছে ট্রাইবুনাল।
ক্যাট-এর রিপোর্ট বলছে, ৩ জুন চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবি ৪ জুন সকালেই উদ্যাপনের ঘোষণা করে। এই ঘোষণা আচমকাই সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় তারা। কোনও অনুমতি না নিয়েই প্রায় তিন থেকে পাঁচ লক্ষ মানুষের জমায়েত ডেকে আনে তারা। ফলে, পুলিশের কাছে সেই বিপুল ভিড় সামলানোর সময় বা প্রস্তুতি কিছুই ছিল না। ট্রাইবুনাল বলেছে, “পুলিশ অলৌকিক শক্তির অধিকারী নয়। মাত্র ১২ ঘণ্টায় সব কিছু সামলানো অসম্ভব।”
এই ঘটনায় আরসিবি, কর্নাটক ক্রিকেট সংস্থা ও রাজ্য সরকার পরস্পরের উপর দোষ চাপাতে শুরু করে। ইতিমধ্যেই আরসিবি-র কয়েকজন শীর্ষকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চলছে আইনি প্রক্রিয়া। অন্য দিকে, কয়েকজন পুলিশকর্মীকেও দায়িত্বে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাইবুনালে আবেদন করেন এক পুলিশকর্মী। তারই শুনানিতে উঠে আসে আরসিবি-র ‘বেআইনি উৎসব’-এর তথ্য।
ট্রাইবুনালের রিপোর্ট এখন শুধু আইনি নয়, নৈতিক দায়ও চাপিয়ে দিচ্ছে বিরাট কোহলিদের দলের উপর। উদ্যাপনের নামে শহরের প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগে সমালোচিত হচ্ছেন কোহলিরা। আইপিএলের ঐতিহাসিক জয়ের স্মৃতি এখন ধূলিসাৎ, কারণ তার ছায়ায় লুকিয়ে আছে ১১টি নিষ্পাপ প্রাণের হারানোর যন্ত্রণা।







