বলিউডে ফিরে এলেন ‘টাইগার’। জাতীয় গর্বের গল্পকে পর্দায় আনতে হাজির সলমন খান। তাঁর নতুন ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’-এর মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। শুক্রবার মুক্তি পাওয়া এই পোস্টারে সলমনকে দেখা যাচ্ছে মুখে রক্তাক্ত ক্ষত, কঠোর আত্মসংযমে ঠোঁট চেপে ধরা এবং চোখে জ্বলজ্বলে দেশপ্রেমের স্পন্দন। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে পোস্টার, ভক্তদের চোখে জল আর বুকে দেশগৌরবের ঢেউ।
ছবির গল্প ২০২০ সালের ১৫ জুনের লাদাখের গলওয়ান সংঘর্ষকে ঘিরে, যেখানে ১৫,০০০ ফুট উচ্চতায় অতি প্রতিকূল পরিবেশে একটিও গুলি না ছুঁড়েই শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। প্রচলিত অস্ত্র ব্যবহার না করে লাঠি, পাথর আর খালি হাতে সংঘর্ষের সেই মর্মান্তিক ইতিহাসই এবার রূপ নিচ্ছে রূপোলি পর্দায়। নির্মাতাদের মতে, এই ছবি শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি ভারতীয় সেনার বীরত্ব আর আত্মবলিদানের জীবন্ত দলিল। সলমনের ‘সিকন্দর’ বক্স অফিসে আশানুরূপ সাড়া না পেলেও, গলওয়ান নিয়ে তাঁর এই যুদ্ধগাথা ঘিরে আশা জাগছে বলিউডে।
ইনস্টাগ্রামে নিজের কঠোর অনুশীলনের ছবি পোস্ট করে সলমন লিখেছিলেন,”লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম চালিয়ে যাও…” যা দেখে অনেকেই আন্দাজ করেছিলেন বড়ো কিছু আসছে। অভিনেতা মনীশ পল মন্তব্য করেছেন,”ওরে বাবা, দারুণ!” এক ভক্ত লিখেছেন,”গলওয়ানে ভাইজানের দুর্দান্ত কামব্যাক”, অন্যজন বলেছেন,”এটা কল্পনাও করিনি!” ‘ব্যাটেল অফ গলওয়ান’ মুক্তির আগেই দর্শকের মনে দেশাত্ম উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। নির্মাতারা জানিয়েছেন, এই ছবি শুধু বিনোদন নয়, ভারতের এক গর্বময় অধ্যায়কেই শ্রদ্ধা জানাবে।







