দুবাইয়ে রোহিত শর্মার নামে খোলা একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র মাত্র এক বছরের মধ্যে কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে। বড় স্বপ্ন নিয়ে শুরু হলেও একাধিক সমস্যা ও আর্থিক অনিশ্চয়তা অ্যাকাডেমির ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই অ্যাকাডেমিতে কাজ করা প্রশিক্ষকরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। অনেক কোচ অভিযোগ করেছেন, এপ্রিল ও মে মাস থেকেই তাদের কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। কেউ কেউ বলছেন, ভাড়াবাড়ির খরচ চালানোও এখন মুশকিল হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ অভিভাবকরাও। যাঁরা নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আগেভাগেই ভর্তি করিয়েছিলেন, এখন তারা টাকা ফেরতের দাবি তুলেছেন। প্রায় ৪০টি পরিবার অ্যাডভান্স টাকা দিয়ে ভর্তি করেছিল। কিন্তু অভিযোগ, প্রত্যাশিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি। প্রশিক্ষকরাও একের পর এক কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
গত বছর সেপ্টেম্বরে ‘Crickingdom by Rohit Sharma’ নামে যে অ্যাকাডেমির যাত্রা শুরু হয়েছিল, চলতি বছরের শুরু থেকেই তার ভিত নড়বড়ে হতে শুরু করে। বেতন বকেয়া, কোচদের পদত্যাগ এবং শ্রেণি বাতিল – সব মিলিয়ে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ২৮ মে, অভিভাবকদের একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানানো হয় যে, অ্যাকাডেমি পরিচালনা করা প্রতিষ্ঠান গ্রাসপোর্ট আর এই দায়িত্ব পালন করবে না। বাকি ক্লাসের রিফান্ড দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। তবে, অভিযোগ অনুযায়ী এখনও পর্যন্ত কেউ সেই অর্থ ফেরত পাননি।
বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগে নাম জড়িয়ে থাকা কোনও জনপ্রিয় ক্রিকেটারের ছবি বা নাম অনুমতি ছাড়া ব্যবহার করা আইনগতভাবে সমস্যার সৃষ্টি করতে পারে। জানা গিয়েছে, রোহিত শর্মার ছবি ব্যবহারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। অ্যাকাডেমির বিপর্যয় কেবল এক প্রতিষ্ঠান নয়, বহু কোচ ও পরিবারকে আর্থিক ও মানসিক সমস্যায় ফেলেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট সংস্থা বা কর্তৃপক্ষ কীভাবে এই সমস্যার সমাধান করেন।







