ইস্টবেঙ্গল যেন ভবিষ্যতের দিকে তাকিয়েই দল গঠনের রূপরেখা তৈরি করছে। একের পর এক প্রতিভাবান ভারতীয় ফুটবলারকে তুলে আনছে আই লিগ থেকে। রাজস্থান এফসির মার্তান্ড রায়নার পর এবার লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন মিজোরামের অ্যাটাকিং মিডফিল্ডার রামসাঙ্গা টিলাইছুন। সদ্য রিয়েল কাশ্মীর এফসির হয়ে দুর্দান্ত আই লিগ মরসুম কাটানো ২৫ বছর বয়সি এই ফুটবলার তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন।
এই ট্রান্সফারের নেপথ্যে মূল কৃতিত্ব হেড অফ ফুটবল থাংবোই সিঙটোর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “রামসাঙ্গার মতো ধারাবাহিক ও বহুমুখী প্রতিভা থাকা মিডফিল্ডার আমাদের মাঝমাঠকে ভারসাম্য দেবে। আই লিগে ওর পারফরম্যান্সই প্রমাণ করে দিয়েছে, রামসাঙ্গার জায়গা ভারতের সর্বোচ্চ স্তরের ফুটবলে।”
ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোও রামসাঙ্গার খেলায় খুশি। তিনি বলেন, “ও মাঝমাঠে ভারসাম্য রক্ষা করে, আক্রমণ গড়ে তোলে এবং রক্ষণেও নামতে পারে। ওর বল ডিস্ট্রিবিউশন, গোল করার ও করানোর ক্ষমতা দলকে এগিয়ে রাখবে।”
অন্যদিকে, স্বপ্নপূরণের মুহূর্ত হিসেবে দেখছেন রামসাঙ্গা নিজে। তিনি বলেন, “ইস্টবেঙ্গলের হয়ে খেলা এক বিশাল সম্মান। সমর্থকদের সামনে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। নিজের সেরাটা দিতে চাই লাল-হলুদ জার্সিতে।” ৩১ নম্বর জার্সি পরে নতুন মিশনে নামছেন মিজোরামের এই প্রতিভা। ইস্টবেঙ্গলের মাঝমাঠে এই সংযোজন অনেক প্রশ্নের উত্তর দেবে নতুন মরসুমে।







