আনন্দপুরের খালে উদ্ধার হল নিখোঁজ তরুণী রণিতা বৈদ্য (২৩) এবং তাঁর স্কুটার প্রশিক্ষক রোহিত আগরওয়াল (১৯)-এর দেহ। সোমবার থেকে তাঁদের খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকাল থেকে কুকুর এবং ডুবুরি নামিয়ে পুলিশ তল্লাশি শুরু করলে একে একে উদ্ধার হয় দু’জনের দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে স্কুটি চালানোর প্রশিক্ষণ নিতে রোহিতের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন রণিতা। কিন্তু এর পরে আর বাড়ি ফেরেননি তিনি। একইভাবে নিখোঁজ হয়ে যান রোহিতও। সন্ধ্যায় আনন্দপুর থানায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে জানান, নোনাডাঙা সেতুর কাছে এক তরুণ-তরুণী খালে ঝাঁপ দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই খোঁজ শুরু করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর দাবি, স্কুটিতে চড়ে আসা ওই তরুণ-তরুণী প্রথমে বাগ্বিতণ্ডায় জড়ান। এরপর তরুণী হঠাৎ স্কুটি থেকে নেমে খালের দিকে দৌড় দেন। তরুণও স্কুটি রেখে তাঁর পিছনে ছুটে যান। কিছুক্ষণ পরেই খালে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা যায়।
তদন্তে নামানো পুলিশ কুকুর প্রথমে স্কুটি পাওয়া জায়গায় নিয়ে যাওয়া হয়। পরে আশপাশের এলাকায় খোঁজ চালানো হয়। অবশেষে মঙ্গলবার দুপুরে ডুবুরি নামানো হলে প্রথমে উদ্ধার হয় রোহিতের দেহ। কিছু ক্ষণের মধ্যেই খাল থেকে ভেসে ওঠে রণিতার দেহও। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। রোহিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালে।
উত্তর পঞ্চান্নগ্রামের বাসিন্দা রণিতা সম্প্রতি একটি স্কুটি কিনেছিলেন। পরিবারের দাবি, কয়েক মাস ধরে বন্ধু রোহিতের কাছেই চালানো শিখছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, রোহিতের পকেট থেকে রণিতার স্কুটির চাবি উদ্ধার হয়েছে। পুরো ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।







