নিজস্ব সংবাদদাতা: স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের মাঝেই বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য দফতর। জন্ম ও মৃত্যুর শংসাপত্রে অনিয়ম আটকাতে জেলাশাসকদের উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই শিশুর জন্মতারিখ বা জন্মস্থান পরিবর্তন করা যাবে না।
জন্ম সার্টিফিকেটে কোনও রকম সংশোধনের জন্য উপযুক্ত ও গ্রহণযোগ্য নথিপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে। কেবলমাত্র টাইপিং মিসটেক থাকলেই সংশোধনের অনুমতি মিলবে।
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কোনও শিশুর মা-বাবার বিবাহ বিচ্ছেদ হলেও, জন্ম শংসাপত্র থেকে বাবার নাম বাদ দেওয়া যাবে না। এমনকি, পুনরায় বিয়ে করলেও নতুন স্বামীর নাম শিশুর বার্থ সার্টিফিকেটে যুক্ত করা যাবে না। শিশুর নামও ইচ্ছেমতো বদল করা যাবে না।
জন্ম বা মৃত্যুর শংসাপত্রে নাম, বানান বা তথ্য পরিবর্তনের জন্য রেজিস্ট্রার সন্তুষ্ট না হলে সেই পরিবর্তন অনুমোদিত হবে না। পাশাপাশি আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড – এই তিনটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ছাড়া কোনও পরিবর্তনের আবেদন গৃহীত হবে না।
জেলাশাসকদের পাঠানো নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও ব্যক্তিই নিজের জন্মস্থান বা জন্মতারিখ পরিবর্তনের আবেদন করতে পারবেন না, এবং রেজিস্ট্রারদের সেই আবেদন গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশিকাকে ঘিরে প্রশাসনিক মহলে আলোড়ন শুরু হলেও, স্বাস্থ্য দফতরের দাবি—শিশুর ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। স্কুলে ভর্তি কিংবা পরবর্তী পর্যায়ে সরকারি পরিষেবা পেতে যাতে কোনও জটিলতা না হয়, সেজন্যই এই কঠোরতা।







