বিনোদন দুনিয়ায় প্রতিনিয়ত চলতে থাকে কোনো না কোনো বিতর্ক বা কোনো অঘটন। এইবার অঘটনের মেঘ ঘনিয়ে এলো বলিউডের ছোটো পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের পরিবারের ওপর। প্রবল সমস্যার সম্মুখীন হলেন অভিনেত্রী। সমস্যায় পড়ে পুলিশে এফ আই আর করলেন। অঙ্কিতা তার সোশ্যাল মিডিয়াতে জানান, তার বাড়ির পরিচারিকার কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই মেয়েটির সাথে নিখোঁজ আরও একজন মেয়ে। গত বৃহস্পতিবার থেকে দু’জনেরই খোঁজ মিলছে না।
অঙ্কিতা তার সোশ্যাল মিডিয়াতে মেয়ে দুটির ছবি দিয়ে লিখেছেন, “খুব জরুরি দরকার। আমাদের গৃহসহায়িকা কান্তার কন্যা সালোনি এবং ওর বন্ধু নেহা গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। শেষ ওদের দেখা গিয়েছে ভাকোলা এলাকায়। মালবনি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু ওদের কোনও খবরাখবর এখনও পাওয়া যায়নি।”
অঙ্কিতা আরও জানান, “ওরা শুধু আমার বাড়ির অংশ নয়। ওরা আমার পরিবারের অংশ। আমরা খুবই উদ্বিগ্ন। সকলকে এবং বিশেষ করে মুম্বই পুলিশকে অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখার। দয়া করে সকলে খবরটি ছড়িয়ে দিন। ওরা যাতে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে, তার জন্য প্রাণপণ চেষ্টা করুন সকলে। কেউ কিছু দেখতে পেলে বা জানতে পারলে দ্রুত যোগাযোগ করুন এবং কাছের থানায় জানান। আপনাদের প্রার্থনা সত্যিই আমাদের প্রয়োজন।”







