উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা—জীবিত স্ত্রীর ‘শ্রাদ্ধ’ করলেন স্বামী! প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক বিয়ে করেছিলেন ধলতিথার বাসিন্দা ৩৩ বছরের সুমিতা সরকারকে। তিন বছর আগে শুরু হয় তাঁদের প্রেম, যা অল্পদিনের মধ্যেই গড়ায় বিয়েতে। প্রথমে সংসার সুখেই চলছিল, কিন্তু কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ।
নরেনবাবুর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেন এবং সম্পর্ক বাড়তে থাকে। হঠাৎ একদিন সুমিতা নিখোঁজ হয়ে গেলে খোঁজাখুঁজি করে নরেন জানতে পারেন, তিনি অন্যত্র সংসার পেতেছেন।
এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে না পেরে নরেন সিদ্ধান্ত নেন সম্পর্কের ইতি টানার। তবে তা ছিল একেবারে সামাজিক ও ধর্মীয় রীতিতে। গ্রামে পুরোহিত ডেকে জীবিত স্ত্রীর ‘শ্রাদ্ধ’ আয়োজন করেন তিনি। স্ত্রীর ছবিতে মালা দেন, তারপর সেই ছবি পুড়িয়ে ফেলেন। মাথা ন্যাড়া করে যজ্ঞ ও পিণ্ডদান সম্পন্ন করে জানান, তাঁর কাছে স্ত্রী মৃত।
নরেনের কথায়, “যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়ে আমাকে ছেড়ে অন্যত্র সংসার করেছেন, তাঁর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। ধর্মমতে তাঁকে বিদায় জানালাম।”
গ্রামে এই ঘটনা নিয়ে প্রবল চর্চা চলছে। কেউ বলছেন, এমন শ্রাদ্ধ নজিরবিহীন, কেউ আবার মনে করছেন ভালোবাসায় প্রতারণা হলে মানুষের প্রতিক্রিয়া এভাবেও প্রকাশ পেতে পারে। যাই হোক, ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র আলোড়ন তৈরি করেছে।







