ট্রাম্পের ট্যারিফ হুশিয়ারির মধ্যেই ভারতে আসছেন পুতিন ! জানা গিয়েছে, রাশিয়ার এক সংবাদ সংস্থা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ্যে এনেছে । সূত্র অনুযায়ী , আগস্ট মাসের শেষের দিকেই ভারতে আসার সম্ভাবনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। জানা গিয়েছে বর্তমানে রাশিয়াতেই রয়েছেন অজিত ডোভাল। সেখান থেকেই পুতিনের ভারতে আসার খবর নিশ্চিত করেছেন তিনি । তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানা যায়নি ।
ট্রাম্পের শুল্ক যুদ্ধের এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার কার্যত ভারতের পাশে দাড়ালো রাশিয়া । রাশিয়া জানিয়েছে, সার্বভৌম কোনও দেশের অধিকার রয়েছে স্বাধীন ভাবে বাণিজ্যসঙ্গী পছন্দ করার। রাশিয়ার দাবী ,ট্রাম্প নাকি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিভিন্ন দেশকে হুমকিও দিচ্ছে ।
রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন, “আমরা অনেক বিবৃতির কথাই শুনছি, যেগুলি আসলে হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। আমরা এই বিবৃতিগুলিকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছি না।” তিনি আরো জানান, “আমরা বিশ্বাস করি যে কোনও সার্বভৌম দেশের স্বাধীন ভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। নির্দিষ্ট কোনও দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্যিক এবং অর্থনৈতিক বোঝাপড়া হয়ে থাকে।”





