রাজনীতিরাজ্য

বঙ্গ বিজেপিতে ফাটল গভীর, শুভেন্দু অনুগত সম্পাদক দলবদল করে তৃণমূলে*

বঙ্গ রাজনীতিতে ফের এক বড়সড় ভাঙন। শুক্রবার দক্ষিণ কলকাতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সম্পাদক ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সঙ্ঘমিত্রা চৌধুরী। তাঁর সঙ্গে প্রায় তিনশো বিজেপি কর্মীও গেরুয়া শিবির ছেড়ে শাসক দলে যোগ দেন। একই মঞ্চে সিপিএম ছেড়ে ডিওয়াইএফআই-এর ১৭ জন নেতা-সহ শতাধিক কর্মীও যোগ দেন জোড়াফুল শিবিরে। ফলে অস্বস্তি বেড়েছে বাম শিবিরেও।

এদিন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক দেবাশিস কুমার ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। দীর্ঘ ১২ বছর বিজেপির নানা পদে দায়িত্ব সামলানোর পর দলত্যাগের সিদ্ধান্ত নিয়ে সঙ্ঘমিত্রা বলেন, “বিজেপিতে থেকে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি। অথচ তৃণমূলের জনপ্রতিনিধিরা সবসময় সাহায্য করেছেন। এতদিন যেন ভাড়া বাড়িতে ছিলাম, আজ নিজের ঘরে ফিরলাম।”

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বাংলার অস্মিতা ও সংস্কৃতিকে অপমান করছে বিজেপি। তাই আরও অনেকে গেরুয়া শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আসছেন।”

বিজেপি ত্যাগ করে সঙ্ঘমিত্রা গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতিবাচক রাজনীতির অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, “এক দশকে চারজন সভাপতি বদল হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় আমায় সংগঠন থেকে সরিয়ে অপমানজনকভাবে হাওড়ার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই পরিবেশে কাজ করা সম্ভব হচ্ছিল না।”

তাঁর যোগদানে শাসকদলের শক্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.