বিনোদন

কাকাবাবুর ফেরার ইঙ্গিত, হাতে ‘উল্কা রহস্য’-এর চিত্রনাট্য!

মরুভূমি, বরফঢাকা পাহাড় থেকে কেনিয়ার জঙ্গল, সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে কাকাবাবুর রোমাঞ্চকর অভিযাত্রা বড়োপর্দায় দর্শকদের মুগ্ধ করেছে বারবার। ২০২২ সালে মুক্তি পাওয়া কাকাবাবুর প্রত্যাবর্তন-এর পর দীর্ঘদিন তাঁকে আর কাকাবাবুর পরিচালক হিসেবে দেখা যায়নি। যদিও সেই সময়ই সৃজিত জানিয়েছিলেন, কাকাবাবু ট্রিলজির শেষ অধ্যায় হিসেবে তিনি কাজ শেষ করেছেন।

তবে নতুন করে কৌতূহল জাগিয়েছে পরিচালকের সাম্প্রতিক সামাজিকমাধ্যম পোস্ট। এক ছবিতে দেখা যাচ্ছে, সোফায় বসা সৃজিতের হাতে ধরা একটি চিত্রনাট্যের ফাইল। প্রচ্ছদে স্পষ্ট লেখা,”উল্কা রহস্য, পরিচালনায় সৃজিত মুখার্জি”। আর এই নাম কাকাবাবুপ্রেমী পাঠকদের কাছে ভীষণ পরিচিত। সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘উল্কা রহস্য’-এ অসমের জটিংগা পাখির রহস্য, বৈজ্ঞানিক অপহরণ এবং গোপালপুরের সমুদ্র সৈকতে উল্কাখণ্ড অনুসন্ধানের রোমহর্ষক কাহিনি স্থান পেয়েছে। অতএব, সৃজিতের হাতে ধরা এই চিত্রনাট্য দেখে টলিপাড়ায় জল্পনা তুঙ্গে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি পরিচালক। জানা যায়নি, তাঁর নতুন উদ্যোগে প্রযোজক সংস্থা এসভিএফ জড়িত কি না।

প্রসঙ্গত, এর আগে সৃজিত পরিচালিত ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’ ও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ যথেষ্ট প্রশংসিত হয়েছিল। যদি এবার সত্যিই ‘উল্কা রহস্য’ ক্যামেরাবন্দি হয়, তবে এটি হবে তাঁর কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি। কাহিনি অনুযায়ী, সঙ্গী হিসেবে এবারও থাকছে প্রিয় চরিত্র সন্তু। সব মিলিয়ে, সৃজিত মুখোপাধ্যায়ের সাম্প্রতিক ইঙ্গিত কাকাবাবুর ভক্তদের নতুন করে রোমাঞ্চ জাগিয়েছে। এখন দেখার পালা, উল্কা রহস্য আসলেই বড়োপর্দায় ধরা দেয় কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.