দুর্গাপূজোর আগেই কলকাতার পরিবহণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে তিনটি নতুন মেট্রো রুট। আগামী শুক্রবার উদ্বোধন হবে নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর (জয় হিন্দ), শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড এবং রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) থেকে বেলেঘাটা (মেট্রোপলিস) পর্যন্ত সম্প্রসারণ। মোট দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার।
এই তিন রুটের মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে শিয়ালদহ-এসপ্ল্যানেড সংযোগ। দৈর্ঘ্যে মাত্র ২.৬ কিলোমিটার হলেও এর ফলে ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ হবে। ফলে যাত্রীরা মাত্র ১২ মিনিটে শিয়ালদহ থেকে হাওড়া পৌঁছতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষের অনুমান, ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা বর্তমান ১ লক্ষ থেকে বেড়ে ৭ লক্ষ ছাড়াতে পারে।
বিমানবন্দর যাতায়াতেও মিলবে বড় সুবিধা। এত দিন হাওড়া থেকে বিমানবন্দরে যেতে বাস বা ট্যাক্সির উপর নির্ভর করতে হত। এবার হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপেই পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। যদিও এসপ্ল্যানেড এবং নোয়াপাড়ায় দু’বার মেট্রো বদলাতে হবে, তবে আলাদা টিকিট কাটার প্রয়োজন হবে না—সব রুটেই একই স্মার্টকার্ডে যাত্রা সম্ভব হবে।
অফিসপাড়াগুলিতেও এর প্রভাব পড়বে। শিয়ালদহ থেকেও এখন এসপ্ল্যানেড হয়ে অফিস এলাকায় পৌঁছনো সহজ হবে। একইসঙ্গে হাওড়া থেকে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভে যাওয়া যাবে মেট্রোয়। রুবি-বেলেঘাটা সংযোগ চালু হলে শহরের পূর্ব প্রান্ত থেকেও এক টিকিটে পৌঁছে যাওয়া যাবে হাওড়া, শিয়ালদহ বা বিমানবন্দরে।
সূত্রের খবর, উদ্বোধনের দিন থেকেই শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট চালু হতে পারে। নোয়াপাড়া-বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুট চালু হবে উদ্বোধনের ৪৮ ঘণ্টার মধ্যেই। ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ চালু হলে ব্যস্ত সময়ে আট মিনিট অন্তর মেট্রো চলবে।
১৯৮৪ সালে পথচলা শুরু হয়েছিল কলকাতা মেট্রোর। চার দশকের বিস্তৃত যাত্রায় এবার তিনটি সম্প্রসারণের মাধ্যমে নতুন মাইলফলকের সাক্ষী হতে চলেছে শহর। বিশেষজ্ঞদের মতে, এর ফলে কলকাতার পরিবহণ ব্যবস্থার চেহারা আমূল বদলে যাবে।







