সংখ্যা যে কখনও প্রতারণা করে না, তার প্রমাণ মিলেছে যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’-এর বক্স অফিস পারফরম্যান্সে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মতো দুই তারকার উপস্থিতি থাকা সত্ত্বেও ছবিটির প্রথম দিনের আয় দাঁড়িয়েছে মাত্র ২৯ কোটি টাকায়, যেখানে প্রত্যাশা ছিল প্রায় দ্বিগুণ। বর্তমানে লাইফটাইম কালেকশন ঘোরাফেরা করছে ১৫০-১৭০ কোটির মধ্যে। তুলনায়, ‘পাঠান’ পৌঁছেছিল ৪৭৫ কোটিতে আর ২০১৯ সালের প্রথম ‘ওয়ার’ বন্ধ হয়েছিল ৩১৮ কোটিতে। ফলে ইন্ডাস্ট্রিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই ব্যর্থতা কি সরাসরি প্রভাব ফেলবে আলিয়া ভাটের আগামী স্পাইভার্স ছবি ‘আলফা’-তে?
ট্রেড অ্যানালিস্টদের মতামত অবশ্য বিভক্ত। তারণ আদর্শের বিশ্বাস, প্রতিটি ছবি আলাদা ভাবে বিচার হয় এবং ‘আলফা’ নতুন এনার্জি নিয়ে আসবে। তবে অতুল মোহন মনে করেন, যখন হৃতিক-জুনিয়র এনটিআরের মতো তারকাও দর্শক টানতে ব্যর্থ, তখন নারী-নেতৃত্বাধীন স্পাই ছবির সম্ভাবনা আরও প্রশ্নের মুখে। অক্ষয় রাঠির মতে, সবকিছু নির্ভর করবে ছবির মানের উপর। আলিয়া ভাটই হতে পারেন আদিত্য চোপড়ার ট্রাম্প কার্ড। গিরিশ জোহর জানাচ্ছেন, এখনও সময় আছে ‘ওয়ার ২’-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ‘আলফা’র টিম যদি ভিন্ন ভিশন আনে, তা ছবির পক্ষে লাভজনক হবে। অন্যদিকে বিশেখ চৌহান স্পষ্ট করে বলেছেন, দর্শক একই ধাঁচের গুপ্তচর গল্প বারবার দেখতে চাইবে না। শতদীপ সাহার মতে, ‘ওয়ার ২’ যদি সুপারহিট হতো, তবে ‘আলফা’রও ২০০ কোটির সম্ভাবনা থাকত। এখন সাফল্যের একমাত্র শর্ত অসাধারণ চিত্রনাট্য ও শক্তিশালী বাস্তবায়ন।
‘এক থা টাইগার’ থেকে শুরু করে ‘পাঠান’-এর সাফল্য পর্যন্ত স্পাইভার্সের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু ‘টাইগার ৩’ ও ‘ওয়ার ২’-এর পর ছবিটা এখন ঢালু পথে। ফলে দ্বিগুণ চাপ নিয়ে আসছে ‘আলফা’। একদিকে পূর্বসূরীর ব্যর্থতা, অন্যদিকে নারী-নেতৃত্বাধীন গল্পের নতুনত্ব। শেষ পর্যন্ত আলিয়া ভাটই প্রমাণ করবেন, স্পাইভার্সে এখনো জীবন আছে কিনা।







