বুধবার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা করম পূজায় মেতে উঠেছিলেন। রাতভর সেই করম পূজার মেলায় ছিলেন স্বামী স্ত্রী। ভোরবেলা বাড়ি ফিরেই স্ত্রীকে খুন করলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামসাই বাজার সংলগ্ন এলাকায়। মৃতের নাম প্রমিলা ওঁরাও (৩০)।
জানা গেছে, রামসাই বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা রাজকুমার ওঁরাও ও প্রমিলা ওঁরাও। গতকাল সন্ধ্যায় তারা পাশ্ববর্তী মুন্সি লাইন এলাকার করম পূজার মেলায় গিয়েছিলেন। রাতভর সেখানে থেকে ভোরবেলা বাড়ি ফেরেন। এদিকে এদিন সকালে এলাকায় শোনা যায় যে, স্ত্রীকে মেরে পালিয়ে গেছেন স্বামী। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠাবে বলে জানা গেছে। তবে কি কারণে খুন তখ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এবং বচসা থেকেই হয়তো স্ত্রীকে খুন করেছেন স্বামী। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্ত স্বামী রাজকুমার ওঁরাওয়ের খোঁজ চালাচ্ছে পুলিশ।







