কলকাতা

জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ: গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের, রাজ্যের কাছে চাইল হলফনামা

ডিম ছুড়ে জনপ্রতিনিধিদের লক্ষ্য করে হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। যে প্রবণতার সূচনা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনার পর, তা এখন একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এবার রাজ্য সরকারকে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, এ ধরনের কতগুলি ঘটনা ঘটেছে এবং সেগুলিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়-এর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানির সময় আদালত জানায়, শুধুমাত্র এক-দু’জনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে, তাও জানতে চায় আদালত।

বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় পর্যবেক্ষণে বলেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এর জবাবে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, আইন নিজের হাতে তুলে না নেওয়ার বার্তা সরকার দিয়েছে। তবে নির্দিষ্ট অভিযোগ না এলে প্রশাসনের পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

এ সময় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অনেক ক্ষেত্রেই পুলিশ নিজেই এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত। তিনি আদালতের কাছে অবিলম্বে অন্তর্বর্তী নির্দেশ জারির আবেদন জানান। তাঁর বক্তব্য, বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকাতেও জনপ্রতিনিধিদের উপর হামলা হচ্ছে। পাশাপাশি, এক মন্ত্রীর ডিম ছোড়ার মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, সরকার এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে। এরপরই আদালত রাজ্যকে হলফনামা দাখিলের নির্দেশ দেয়।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর ভোট-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে সোনারপুর-এ নিগ্রহের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁকে লক্ষ্য করেই ডিম ছোড়া হয়েছিল। এরপর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল নেতার উপর একই ধরনের হামলার অভিযোগ সামনে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.