চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত। সোমবার ও মঙ্গলবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালোই ভিজেছে। দুর্গাপুজোর আগে এমন বৃষ্টি উৎসবপ্রেমী বাঙালির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আজ বুধবার, বিশ্বকর্মা পুজোর দিনেও মিলবে না স্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ— প্রায় গোটা রাজ্যেই বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কিছু কিছু জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া— এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী শনিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া
বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। দিনের বেলায় কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে সপ্তাহের শেষ পর্যন্ত ভিজতে হবে তিলোত্তমা নগরবাসীকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গেও বৃষ্টির প্রকোপ প্রবল থাকবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পং-এর মতো পার্বত্য জেলা এবং কোচবিহারেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কতদিন চলবে এই দুর্যোগ?
হাওয়া অফিস জানিয়েছে, অন্তত শনিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণ ও উত্তর— দুই বাংলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দুর্গাপুজোর ঠিক আগে এই ধারাবাহিক বর্ষণ উৎসবের আবহে অস্বস্তি বাড়াতে পারে বলেই আশঙ্কা।







