সম্প্রতি ভারতীয় ‘এ’ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন,এইবার জাতীয় দল থেকেও নাম প্রত্যাহারের দাবী জানালেন শ্রেয়াস আইয়ার। ভারতের জাতীয় টেস্ট দলের থেকে শ্রেয়াস বিরতি চান এমন আর্জি জানিয়েই বোর্ডের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে বোর্ডের এক সূত্র মারফত। সূত্র বলছে, পিঠের পেশীর গুরুতর সমস্যায় ভুগছেন শ্রেয়স। গত বছর পেশীর ব্যাথা নিয়েই রঞ্জি খেলেছিলেন যার ফলে সমস্যা আরো গুরুতর হয়। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আগে অবধি তিনি চারদিনের বেশী মাঠে থাকতে পারবেন না এমনিই নির্দেশ চিকিৎসকের।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে শ্রেয়াস আইয়ারের নাম ছিল ঘোষণার অপেক্ষায়। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে ওডিআইতে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন শ্রেয়স। আইপিল সহ অন্যান্য বহু খেলায় টি টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করেছেন। ভারতীয় বোর্ড এশিয়া কাপে তাঁকে জায়গা না দিলেও, তাঁর ওপর ভরসা রেখে দায়িত্ব দিয়েছিল ভারতীয় এ দলের। কিন্তু সেখানে মাত্র একটি ম্যাচ খেলেই দল থেকে বেরিয়ে আসেন তিনি। বর্তমানে শ্রেয়সের শারীরিক অবস্থার জন্য তাঁকে কি টেস্ট দল থেকে বাদ রাখা হবে? ওয়েস্ট ইন্ডিজের পর সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ আছে। সেখানে কি খেলবেন শ্রেয়াস? বিসিসিআই কি ভারতীয় দলে জায়গা দেবে শ্রেয়সকে?নাকি তাঁকে পাকাপাকি ভাবে বিদায় জানাতে হবে লাল বলের ক্রিকেটকে?







