নদিয়ার Chakdaha শহরে বৃহস্পতিবার সকালে আয়কর দফতরের আকস্মিক হানায় চাঞ্চল্য ছড়াল। দুর্গানগর এলাকায় ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে সকাল প্রায় সাতটা নাগাদ পৌঁছন চারজন আয়কর আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ানও।
সূত্রের খবর, আধিকারিকরা প্রথমে টোটন দত্তের বাড়িতে তল্লাশি চালান। পরে তাঁকে সঙ্গে নিয়ে তাঁর মালিকানাধীন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কারখানাতেও অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলে এই তল্লাশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটন দত্ত বহু বছর ধরে প্লাইউড ব্যবসার সঙ্গে যুক্ত। চাকদহ শহরে তাঁর একাধিক দোকান ও কারখানা রয়েছে। এদিন সকালে হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ও আয়কর দফতরের তল্লাশিতে স্বভাবতই কৌতূহল তৈরি হয় এলাকায়। অনেকেই বাড়ির বাইরে ভিড় জমান।
তল্লাশির নির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আয়কর ফাঁকি বা হিসাব বহির্ভূত লেনদেন সংক্রান্ত কোনও অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। যদিও টোটন দত্তের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আয়কর দফতর।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই Kolkata-র একাধিক এলাকায় আয়কর দফতর অভিযান চালায়। ব্যবসায়ী সুধীর সাতনালিওয়ালার বাড়ি ও অফিসে তল্লাশি হয় আয়কর ফাঁকি ও হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে। সেই ঘটনার পর ফের রাজ্যে আয়কর হানা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
চাকদহের এই তল্লাশি অভিযানের পর এলাকাবাসীর প্রশ্ন—এই হানার নেপথ্যে ঠিক কী কারণ? টোটন দত্ত কি সত্যিই কোনও আর্থিক অনিয়মে জড়িত, নাকি নিয়মিত তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ?
আয়কর দফতরের তরফে আনুষ্ঠানিক বিবৃতি মিললেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।







