অস্ট্রেলিয়ার মাটিতে তাদের অনূর্ধ্ব-১৯ দলকে নাস্তানাবুদ করে দুই ম্যাচের যুব টেস্ট সিরিজ জিতে নিল ভারতের ছোটরা। দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের সহজ জয়ে ভারত স্বাগতিকদের চুনকাম করল, যা তরুণ ক্রিকেটারদের জন্য এক বিশাল সাফল্য। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫৮ রানে জেতার পর, এবারও দাপট দেখালেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৩৫ রানে গুটিয়ে যায়। ভারতের স্পিনার হেনিল প্যাটেল এবং খিলান প্যাটেল দুজনেই ৩টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন।
তবে ভারতের জয়ের মাঝেও আলোচনায় উঠে এসেছে ১৪ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশীর আচরণ। তিনি প্রথম ইনিংসে ছন্দ খুঁজে পেলেও, ২০ রান করে লাচমুন্ডের বলে উইকেটকিপারের হাতে বিতর্কিতভাবে ক্যাচ আউট হন। আম্পায়ার আউট দেওয়ার পরেও বৈভব তীব্র প্রতিবাদ জানান এবং দাবি করেন যে বল তাঁর ব্যাটে লাগেনি। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন এবং হতাশা নিয়ে মাঠ ছাড়েন। মাঠে সাধারণত শান্ত থাকা এই তরুণকে এমনভাবে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে কঠিন টেস্টের মানসিক চাপ সামলানোর কৌশল রপ্ত করতে হবে তাঁকে। বৈভবের বিতর্ক সত্ত্বেও, ভারতীয় দল শেষ পর্যন্ত ম্যাচটি সহজেই জিতে সিরিজ নিশ্চিত করে।







