বীরভূমের সিউড়ীর আমগাছী গ্রামে চাঞ্চল্য ছড়াল এক আদিবাসী মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার ঘিরে।
জানা গিয়েছে, জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হয় মিরুধন হাঁসদা নামে এক আদিবাসী মহিলা। তাঁর মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, স্বামী মারা যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন মিরুধন। তাঁর ছেলে থাকেন বাবার বাড়িতে।
সন্ধ্যায় প্রতিবেশীরা মহিলার চিৎকার শুনে ছুটে যান জঙ্গলের দিকে এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁকে।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, চুরি করতে এসে বাধা পেয়ে এই হামলা হতে পারে।
গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে সিউড়ী হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাথায় আঘাত গুরুতর থাকায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
এদিকে রেফার করার সময় হাসপাতাল চত্বরে পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
বিজেপির অভিযোগ, মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
ঘটনার তদন্তে নেমেছে সিউড়ী থানার পুলিশ। ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন আদিবাসী নেতা রবীন সোরেন।







