কলকাতা: দক্ষতা ও স্বচ্ছতার প্রশ্নে নতুন অধ্যায় শুরু হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘অযোগ্য’ ঘোষিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের নতুন নিয়োগে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি হয়েছে আগেই। এবার সেই নির্দেশ কার্যকর করতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ শুরুর আগে প্রকাশ করা হচ্ছে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। সোমবারই প্রকাশ করবে এসএসসি। একই দিনে শুরু হবে আবেদন প্রক্রিয়াও।
গত ৩ এপ্রিল শীর্ষ আদালত ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার নিয়োগ বাতিল করে। আদালত জানায়, অনিয়মে যুক্ত বা যোগ্যতার মানদণ্ড পূরণে ব্যর্থ প্রার্থীরা ভবিষ্যতের নিয়োগেও আবেদন করতে পারবেন না। সেই সিদ্ধান্ত মাথায় রেখেই শিক্ষক নিয়োগের সময় যেমন তালিকা প্রকাশ হয়েছিল, তেমনই এবারও শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এসএসসি জানিয়েছে, ৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং চলবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সি–তে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি–তে ৫,৪৮৮টি। এই শূন্যপদ পূরণের কাজেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু। কমিশনের তরফে স্পষ্ট বার্তা—অযোগ্যদের আবেদন এলে তা সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে। অতীতে শিক্ষক পদের আবেদন বাতিলের নজির রয়েছে, এবারও সেই নীতিই অনুসৃত হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ‘যোগ্য’ শিক্ষকরা এ বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাস নিতে পারবেন। তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এমন কোনও ছাড় নেই। এদিকে, চাকরি হারানো কর্মীদের ভাতা প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত নিলেও, হাইকোর্টের স্থগিতাদেশে তা আপাতত বন্ধ রয়েছে।
অযোগ্যদের তালিকা প্রকাশ ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কতজনের নাম থাকছে সেই তালিকায়, তা নিয়ে শিক্ষক মহল থেকে চাকরিপ্রার্থীদের মধ্যে আলোড়ন। সোমবারের প্রকাশিত তালিকা সেই প্রশ্নের উত্তর দেবে এবং নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতায় নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করছে প্রশাসনিক মহল।







