খেলাধুলা

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কোনও আলোচনায় নয় বিসিবি

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কোনও আলোচনা হবে না বলেই সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তাঁর স্পষ্ট বক্তব্য, যেহেতু বিশ্বকাপ আইসিসি আয়োজিত প্রতিযোগিতা, তাই সমস্ত আলোচনা হবে শুধুমাত্র আইসিসি-র সঙ্গেই।

সোমবার বিসিবি সভাপতির বক্তব্য, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। বোর্ডের পরিচালকমণ্ডলীর সঙ্গে দু’দফা বৈঠকের পরেই এই সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে। আমিনুল বলেন, “এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের পক্ষে নিরাপদ নয় বলেই আমাদের মনে হয়েছে। সেই কারণেই আইসিসি-কে চিঠি দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।”

তিনি আরও জানান, এই মুহূর্তে বাংলাদেশের কাছে নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। আইসিসি যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে, সেই অনুরোধই করা হয়েছে। দ্রুত আইসিসি-র সঙ্গে মুখোমুখি বৈঠকের আশাও প্রকাশ করেছেন বিসিবি সভাপতি, যাতে বাংলাদেশের উদ্বেগগুলি সরাসরি তুলে ধরা যায়।

বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা না করার কারণ ব্যাখ্যা করে আমিনুল বলেন, “ভারত এখানে শুধুমাত্র আয়োজক দেশ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইসিসি-র হাতেই। তাই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলার কোনও অর্থ নেই। আইসিসি কী উত্তর দেয়, তার উপরেই আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। তবে আমরা যে দাবি জানিয়েছি, তা পুরোপুরি নিয়মের মধ্যেই রয়েছে।”

এই সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতের ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ়ে পড়বে কি না, সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিসিবি সভাপতি। তাঁর মতে, এখনই সে বিষয়ে ভাবার সময় নয়। তিনি বলেন, “ক্রিকেট খেলা আর নিরাপত্তা—দুটো আলাদা বিষয়। এই মুহূর্তে আমাদের সমস্ত চিন্তা বিশ্বকাপের নিরাপত্তা নিয়েই।”

এ দিকে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, আইপিএল ভারতের ঘরোয়া প্রতিযোগিতা এবং সেটি সম্প্রচার হবে কি না, সে সিদ্ধান্ত সরকারের। তিনি বলেন, “সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটাকেই সমর্থন করছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.