কলকাতার ফুটবল ময়দানে বড়সড় ধামাকা! আইএফএ (IFA)-র সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ পাল। মঙ্গলবার বিকেলে সরাসরি ইমেল পাঠিয়ে সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তবে ইস্তফা দেওয়ার আগে এক বিস্ফোরক সাংবাদিক সম্মেলনে ময়দানের বেটিং এবং ম্যাচ ফিক্সিং সিন্ডিকেট নিয়ে সরব হন তিনি। এদিন ‘ময়দান সাথী’র ব্যানারে আয়োজিত এক সভায় সৌরভ পরিষ্কার জানিয়ে দেন, তিনি পদের মোহে ফুটবল করতে আসেননি। বরং বাংলার ফুটবলকে ফিক্সিংয়ের কালো ছায়া থেকে মুক্ত করাই তাঁর আসল লক্ষ্য। তাঁর সঙ্গে ছিলেন আইএফএ-র আরেক সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস এবং একঝাঁক প্রাক্তন ফুটবলার ও কর্মকর্তা। সৌরভ বলেন, “আমি পকেটে ইস্তফাপত্র নিয়েই ঘুরছিলাম। পদের লোভ থাকলে ফিক্সিং নিয়ে সাদার্ন সমিতির কর্তা হিসেবে গত আগস্টেই মুখ খুলতাম না। সেদিন আইএফএ সক্রিয় হলে অপরাধীরা ধরা পড়ত।”
সাংবাদিক সম্মেলনে একটি পুলিশি রিপোর্ট পেশ করে চাঞ্চল্যকর দাবি করেন স্বরূপ বিশ্বাস ও সৌরভ পালরা। সেখানে গত লিগের ইউনাইটেড কলকাতা বনাম উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের ম্যাচের উদাহরণ টানা হয়। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে রহস্যজনকভাবে ৫টি গোল হজম করে উয়াড়ি। অভিযোগ তোলা হয়েছে যে, ওটিটি প্ল্যাটফর্মে যখনই খেলা সম্প্রচারে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, ঠিক তখনই ম্যাচে গোল হয়েছে। অর্থাৎ ডার্ক বেটিংয়ের মাধ্যমে ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করার ইঙ্গিত দিয়েছেন তাঁরা। ডাফা নিউজের মতো সংস্থাকে কেন বারবার বাংলার ফুটবলে ফিরিয়ে আনা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন স্বরূপ বিশ্বাস। তিনি মনে করিয়ে দেন, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নির্দেশে একসময় এদের সরিয়ে দেওয়া হয়েছিল। স্বরূপবাবু বলেন, “আমরা আইএফএ-র বিরোধী নই, কিন্তু বাঙালির আবেগের ফুটবল নষ্ট হতে দেব না।”
অন্যদিকে, সৌরভের পদত্যাগ নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত কিছুটা তাচ্ছিল্যের সুরেই বলেন, “পদত্যাগ করা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি সভাপতিকে চিঠি দিয়েছেন, বাকিটা পরে দেখা যাবে।” তবে ম্যাচ ফিক্সিং রুখতে আইএফএ সবসময় তৎপর বলে দাবি করেন তিনি। অনির্বাণ বাবুর পাল্টা যুক্তি, সৌরভ পালের কাছে যদি পুলিশি রিপোর্ট ছিলই, তবে সহ-সভাপতি হিসেবে তা আগে আইএফএ-র হাতে তুলে দেওয়া উচিত ছিল। সব মিলিয়ে ময়দানের এই ‘ফিক্সিং বিতর্ক’ এখন আদালত থেকে আইএফএ-র সদর দপ্তর পর্যন্ত গড়িয়েছে।







