দাদাদের মতোই ভাইয়েরাও ভারতের সামনে দাঁড়াতে পারলেন না। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থেকেই সুপার সিক্সে পৌঁছে গেল ভারত। শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে আয়ুষ মাত্রের দলকে সময় লাগল মাত্র ১৩.৩ ওভার।
বারবার বৃষ্টির কারণে ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায় ৩৭। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্র। শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে বিপর্যস্ত হয়ে পড়ে কিউই শিবির। মাত্র ২২ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় নিউ জ়িল্যান্ড।
চাপের মুখে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ক্যালাম স্যামসন। তিনি ৪৮ বলে অপরাজিত ৩৭ রান করেন। সেলউইন সঞ্জয় ৩০ বলে করেন ২৮ রান। জ্যাকব কোটার ৪৭ বলে ২৩ রান যোগ করেন। নির্ধারিত ওভার শেষে নিউ জ়িল্যান্ডের ইনিংস থামে ১৩৫ রানে।
ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন আরএস অম্বরীশ। ২৯ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। হেনিল পটেল নেন ২৩ রানে ৩ উইকেট। খিলান পটেল, মহম্মদ এনান এবং কণিষ্ক চৌহান একটি করে উইকেট নেন।
ডিএলএস পদ্ধতিতে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। রান তাড়ায় নেমে শুরুতেই ওপেনার অ্যারন জর্জকে (৭) হারায় ভারত। তবে অন্য প্রান্তে বৈভব সূর্যবংশী এবং তিন নম্বরে নামা অধিনায়ক আয়ুষ মাত্র দায়িত্ব নিয়ে ব্যাট করায় চাপ তৈরি হয়নি।
মাত্র ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছয়। অন্যদিকে আয়ুষ মাত্র ২৭ বলে করেন ৫৩ রান—মেরেছেন ২টি চার ও ৬টি ছক্কা। তাঁদের জুটিতেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ভারতের হাতে।
শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিহান মালহোত্রা (১৩ বলে ১৭) এবং বেদান্ত ত্রিবেদী (১২ বলে ১৩)। নিউ জ়িল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন সঞ্জয়, খরচ করেন ২২ রান।
এই জয়ের ফলে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত সুপার সিক্সে জায়গা করে নিল। আগামী ১ ফেব্রুয়ারি সুপার সিক্সে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।







