কেন্দ্রীয় বাজেট পেশের দিনেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় বৃদ্ধি ঘোষণা করা হল। তবে আপাতত স্বস্তির খবর, গৃহস্থের ব্যবহারের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।
বর্তমানে গৃহস্থের জন্য ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে সিলিন্ডার প্রতি ৮৭৯ টাকাই থাকছে।
অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। এর ফলে আগে যেখানে সিলিন্ডার প্রতি দাম ছিল ১,৮৪৪ টাকা ৫০ পয়সা, সেখানে নতুন দাম দাঁড়াল ১,৮৯৩ টাকা ৫০ পয়সা।
হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে রেস্তরাঁ, হোটেল ও ছোট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বাজেট পেশের দিনেই দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের একাংশের।
এদিকে, বাজেট ভাষণে গৃহস্থের গ্যাসে ভর্তুকি নিয়ে নতুন কোনও ঘোষণা করা হয় কি না, সে দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সংক্রান্ত কোনও নতুন সুবিধা বা পরিবর্তন ঘোষণা হয় কি না, তাও পরিষ্কার হবে বাজেট বক্তৃতার পরেই।
উল্লেখ্য, এই নতুন দাম কলকাতার জন্য প্রযোজ্য।







