মেট্রো চ্যানেলে তৃণমূলের ধরনার দ্বিতীয় দিন । আর দিনেও প্রতিবাদ গর্জে উঠল কেন্দ্র সরকারের বিরুদ্ধে । কমিশনের বিরুদ্ধেও চড়ল সুর । শনিবার দ্বিতীয় দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ধরনা চলার কথা ।
শনিবার ধরনার শুরুতেই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তোপ দাগলেন মমতা । রীতিমতো গর্জে উঠে বললেন , “গতকাল ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তার আগে তিনদিন আগে ৪৯ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। বড় সিলিন্ডাররে দাম ২১০০ টাকা হয়ে গিয়েছে। আর ছোট সিলিন্ডারের দাম ১ হাজার টাকা হয়ে গিয়েছে। বলছে ২১ দিন আগে থেকে বুক করতে হবে।” মমতা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন , “যার বাড়িতে গ্যাস শেষ হয়ে যাবে সে কী ২১ দিন রান্না না করে থাকবে? এগুলো আপনাদের আগে মাথায় থাকে না? খাবে কী মানুষের?”
উল্লেখ্য , এই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে , হাতা – খুন্তি নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে মিছিলের ডাক দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, “কালকে মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই। গ্যাস নাই, খাবার নেই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। মানবতাকে পালন করার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। আর হাতে এইসব রাখবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। পারলে কাঁচা আনাজও ঝুড়িতে আনবেন।”






