জীবিত অবস্থায় নন্দনে কার্যত ‘অবাঞ্ছিত’ ছিলেন পরিচালক অনীক দত্ত। সরকারি প্রেক্ষাগৃহে তাঁর ছবি প্রদর্শনের অনুমতি মেলেনি বহুবার। অথচ ২৯ মে, শুক্রবার জীবনের শেষ অধ্যায়ে সেই নন্দনেই পৌঁছল তাঁর নিথর দেহ। শববাহী গাড়ি এসে দাঁড়ায় নন্দন প্রাঙ্গণে। কাচঘেরা গাড়িতে শায়িত ছিলেন অনীক দত্ত। ফুলে মোড়া ‘অপরাজিত’ নির্মাতাকে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। বাবার শেষযাত্রায় পাশে ছিলেন মেয়ে রাই।
‘ভূতের ভবিষ্যৎ’-এর স্রষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে নন্দন চত্বরে হাজির হন টলিউডের বহু পরিচিত মুখ। উপস্থিত ছিলেন অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, বিদিপ্তা চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, বিমান বসুসহ আরও অনেকে।
নন্দন চত্বরে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, “সিনেমার মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরতেন অনীকদা। সেটা আর আমরা কোনওদিন পাব না। ওঁর শূন্যস্থান কেউ পূরণ রতে পারবে না। ১৫ বছর যা হয়েছে, অনীকদার ছবি নন্দনে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়নি আগামীতে এধরনের ঘটনা আর ঘটবে না সেই প্রতিশ্রুতি দিতে পারি। প্রত্যেকে শিল্পী পরস্পরকে সম্মান করবে। সেখানে কোনও রাজনৈতিক রঙের ছোঁয়া থাকবে না। শিল্পীর কাজে কাজই তাঁর সম্মান। গণতান্ত্রিক দেশে প্রত্যেকের নিজস্ব মতামত পেশ করার অধিকার আছে। তার মানে এটা নয় সেই মানুষটাকে ব্যান করে দেওয়া হবে। তাঁর প্রবেশাধিকার কেড়ে নেওয়া হবে। তৃণমূল যে ব্যান কালচার সৃষ্টি করেছিল সেটা বিজেপি জমানায় হবে না। আমরা মানুষের পাশে মানুষের হৃদয়ে থাকতে চাই।”
অভিনেত্রী পাপিয়া অধিকারীও তীব্র আক্রমণ শানান পূর্বতন সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক উনি দেখে যেতে পারলেন না টলিগঞ্জ এখন রাহুমুক্ত। সহ প্রেক্ষাগৃহে, নন্দনে সবরকমের ছবি প্রদর্শিত হবে। সিনেমার পাশাপাশি ডকুমেন্টারিও দেখানো হবে। কিছু মূর্খ মানুষ জড়িয়ে ছিল যাদের জন্য ডকুমেন্টারি প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল। ডকুমেন্টারি মানে তথ্য, অপরাজিতর মধ্যেও তো তথ্য ছিল। সেটা নন্দনে প্রদর্শনের অনুমতি পায়নি কারণ উনি ভূতের ভবিষ্যতের মাধ্যমে সামাজের অন্ধকার দিকটা প্রকাশ্যে এনেছিলেন। ফলস্বরুপ পূর্বতন সরকারের রোষে পড়েছিলেন। প্রচণ্ড মানসিক নির্যাতন করা হয়েছে। ওরা খুনি। শুধু ছুরি দিয়েই খুন হয় না। এটাও এক ধরনের খুন। ওঁর মতো একজন মানুষকে হারালাম। আগের সেই খুনি সরকারকে আমরা তাড়িয়েছি।”
অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও নাম না করে প্রাক্তন সরকারকেই দায়ী করেন পরিচালকের মৃত্যুর জন্য। গভীর আক্ষেপের সুরে তিনি বলেন, “অনীকের উপর আমার ভীষণ রাগ হচ্ছে। কেন এভাবে চলে গেল! কত সুন্দর ছবি বানাত, নন্দনে আসক। কেন এরকম করল?”
রুদ্রনীল ঘোষ জানান, “যাঁরা ওঁর ভক্ত তাঁরা প্রত্যেকে এসেছিলেন। টলিগঞ্জের এনটিওয়ান স্টুডিও যেখানে সবচেয়ে বেশি কাজ করেছেন সেখানে দেহ নিয়ে যাওয়া হবে। সাড়ে বারোটা পর্যন্ত থাকবে, একটার সময় শ্মশানের উদ্দেশে রওনা দেব।”
শেষযাত্রায় উপস্থিত থেকে রুদ্রনীল আরও বলেন, পূর্বতন সরকারের আমলে অনীক দত্তর যেসব ছবি নন্দনে প্রদর্শনের অনুমতি পায়নি, সেগুলি খুব শীঘ্রই বর্তমান সরকার নন্দনে প্রদর্শনের ব্যবস্থা করবে। তাঁর কথায়, যোগ্যতার ভিত্তিতেই কাজের মূল্যায়ন হবে, কোনও স্বৈরাচার বরদাস্ত করা হবে না।
অভিনেতা জিৎও প্রয়াত পরিচালকের আত্মার শান্তি কামনা করেন। শোকপ্রকাশ করে তিনি বলেন, “এরকম ঘটনায় কী আর বলব!”







