কলকাতা

আধ্যাত্মিকতা ও রাষ্ট্রচেতনার ছোঁয়ায় বদলে যাচ্ছে লোকভবন, বাংলার মনীষীদের নামে নতুন নামকরণ

আধ্যাত্মিকতা এবং রাষ্ট্রচেতনার এক অনন্য সমন্বয়ে যেন নতুনভাবে আত্মপ্রকাশ করছে বাংলা। সেই নবগঠিত ‘রাষ্ট্রবাদী’ বাংলার প্রতিফলন এবার স্পষ্ট হল লোকভবনে। ঔপনিবেশিক আমলের নাম মুছে দিয়ে বাংলার মনীষী, স্বাধীনতা সংগ্রামী, সমাজসংস্কারক ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে লোকভবনের বিভিন্ন অংশের নামকরণ করা হয়েছে। তালিকায় রয়েছেন পরমহংস, মাতঙ্গিনী হাজরা, মা সারদা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, স্বামী বিবেকানন্দ, শ্রীঅরবিন্দ-সহ বহু বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্ব।

প্রায় সাত মাস আগে রাজভবনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘লোকভবন’। সেই সময় রাজ্যপালের দায়িত্বে ছিলেন সি ভি আনন্দ বোস। এবার লোকভবনের বিভিন্ন কক্ষ, হল, প্রবেশদ্বার, উদ্যান ও রাস্তার নতুন নাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান রাজ্যপাল আর এন রবি এই নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং ১২ জুন একটি সংশোধনীও প্রকাশিত হয়।

শুক্রবার প্রকাশিত সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোকভবনের দক্ষিণ-পশ্চিম গেটের নাম ‘ডা. বিধান রায় দ্বার’ থেকে পরিবর্তন করে ‘ডা. বিধানচন্দ্র রায় দ্বার’ করা হয়েছে।

এছাড়াও লোকভবনের নানা অংশের নতুন নামকরণ করা হয়েছে। যেমন— সেকেন্ড ক্লাস স্যুইটের নাম হয়েছে ‘শ্রীঅরবিন্দ কক্ষ’। মার্বেল হলের উত্তর অংশ এখন ‘পরমহংস কক্ষ’, মধ্য অংশ ‘বিবেকানন্দ কক্ষ’ এবং দক্ষিণ অংশ ‘মা সারদা কক্ষ’। প্রিন্স অব ওয়েলস স্যুইটের নাম বদলে রাখা হয়েছে ‘গুরুদেব কক্ষ’। থ্রোন রুম এখন ‘বন্দেমাতরম সভাঘর’, ইয়েলো ড্রয়িং রুম ‘ভাগীরথী কক্ষ’, ব্লু ড্রয়িং রুম ‘মহানন্দা কক্ষ’, আর ব্রাউন ডাইনিং হল হয়েছে ‘গঙ্গা সভাঘর’। কাউন্সিল চেম্বারের নতুন নাম ‘সংবিধান কক্ষ’।

ডাফরিন স্যুইটের নামকরণ হয়েছে ‘হরিচাঁদ ঠাকুর কক্ষ’, অ্যান্ডারসন স্যুইট ‘চৈতন্য কক্ষ’ এবং ওয়েলেসলি স্যুইট ‘মাতঙ্গিনী কক্ষ’। বলরুমের সেন্ট্রাল হল এখন ‘চিত্তরঞ্জন দাশ হল’, সাউথ হল ‘জগদীশচন্দ্র বসু হল’ এবং নর্থ হল ‘তেনজিং নোরগে হল’।

অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে— গ্র্যান্ড স্টেয়ার্স ও নর্থ পোর্টিকোর নাম ‘নেতাজি সুভাষ প্রাঙ্গণ’, রাজ্যপালের সচিবালয় ‘কর্মকক্ষ’, হাউসহোল্ড সচিবালয় ‘সেবাকক্ষ’, লাইব্রেরি ‘বিদ্যাসাগর গ্রন্থাগার’, রাজ্যপালের অফিস ‘শ্যামাপ্রসাদ মুখার্জি কক্ষ’ এবং বাসভবনের নাম ‘শান্তিনিকেতন’।

লোকভবনের উদ্যানগুলির নতুন নামও নির্ধারিত হয়েছে। উত্তর-পূর্ব লন এখন ‘শহিদ উদ্যান’, উত্তর-পশ্চিম লন ‘একতা উদ্যান’, দক্ষিণ-পূর্ব লন ‘সুন্দরবন উদ্যান’, দক্ষিণ-পশ্চিম লন ‘অমৃত উদ্যান’ এবং পূর্ব লন ‘শান্তিবন’।

প্রবেশদ্বারগুলির নতুন নামের মধ্যে রয়েছে— নর্থ গেট ‘কবিগুরু দ্বার’, সাউথ গেট ‘ঋষি বঙ্কিম দ্বার’, সাউথ-ওয়েস্ট গেট ‘ডা. বিধানচন্দ্র রায় দ্বার’, সাউথ-ইস্ট গেট ‘সিধু-কানু দ্বার’, নর্থ-ওয়েস্ট গেট ‘ক্ষুদিরাম বসু দ্বার’ এবং নর্থ-ইস্ট গেট ‘রাজা রামমোহন রায় দ্বার’।

রাস্তা ও জলাশয়ের ক্ষেত্রেও নতুন নামকরণ করা হয়েছে। সাউথ ড্রাইভওয়ে এখন ‘কর্তব্যপথ’, নর্থ ড্রাইভওয়ে ‘শক্তিপথ’, সাউথ-ইস্ট পন্ড এলাকা ‘পদ্ম সরোবর’ এবং সাউথ-ওয়েস্ট পন্ড এলাকা ‘অমৃত সরোবর’ নামে পরিচিত হবে।

রাজ্যপালের নির্দেশে এই সমস্ত নাম পরিবর্তন কার্যকর করার কথা বলা হয়েছে। রাজ্যপালের সচিব ড. সৌমিত্র মোহন সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি জারি করেছেন এবং বিভিন্ন দপ্তরকে নতুন নাম অনুযায়ী ফলক ও সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.