সরকারি স্কুলের পড়ুয়াদের ডিজিটাল অর্থনীতির উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বড় উদ্যোগ নিল স্কুল শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হতে চলেছে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় ১০ হাজার পড়ুয়াকে আধুনিক ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই ল্যাবগুলিতে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস (ভিএফএক্স), গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়্যালিটি (এক্সআর)-সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। মূল লক্ষ্য, স্কুল স্তর থেকেই শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হতে পারে।
এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে থাকা আইসিটি ও কম্পিউটার ল্যাবের বর্তমান পরিকাঠামো, যন্ত্রপাতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্কুল শিক্ষা কমিশনার জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট স্কুলগুলিকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের আইসিটি ও কম্পিউটার ল্যাব সংক্রান্ত সমস্ত তথ্য শিক্ষা দফতরে জমা দিতে হবে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্কুল স্তর থেকেই পড়ুয়ারা প্রযুক্তিভিত্তিক সৃজনশীল শিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতের ডিজিটাল কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে।







