যুবভারতীতে মেসিকে ঘিরে গত বছরের বিতর্ককে বাংলার ক্রীড়া ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা বলেই মনে করা হয়। সেই অধ্যায়ের তিক্ত স্মৃতি মুছে ফেলতে আবারও উদ্যোগী হয়েছেন শতদ্রু দত্ত। সূত্রের খবর, আগামী বছর ফের লিওনেল মেসিকে কলকাতায় আনার লক্ষ্যে বড়সড় পরিকল্পনা করছেন তিনি। শুধু মেসিকে কাছ থেকে দেখাই নয়, এবার তাঁর খেলা দেখার সুযোগও করে দেওয়ার চেষ্টা চলছে।
গত বছর যুবভারতীর অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনার পর শতদ্রুকে জেলেও যেতে হয়েছিল। তবে সেই অভিজ্ঞতা তাঁকে পিছিয়ে দেয়নি। বরং তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন, আবারও মেসিকে কলকাতায় আনার চেষ্টা করবেন। রাজ্যে সরকার পরিবর্তনের পরও সেই ইচ্ছার কথা তিনি একাধিকবার জানিয়েছেন।
বিশ্বকাপ চলাকালীন শতদ্রুর একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। ১৬ জুলাই আর্জেন্টিনার ম্যাচের দিন তিনি লেখেন, “আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।” সেখানে মেসির নাম উল্লেখ না থাকলেও পোস্টের সময় ও প্রেক্ষাপট দেখে অনেকেই সেটিকে মেসিকে ফের আনার ইঙ্গিত হিসেবে দেখছেন।
শনিবার আরও একটি পোস্টে নিউ ইয়র্কে আর্জেন্টিনার পতাকা হাতে দেখা যায় শতদ্রুকে। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, “নেভার সে নেভার। আসছে বছর…”। এই পোস্টও নতুন করে জল্পনা বাড়িয়েছে।
সূত্রের দাবি, বর্তমানে শতদ্রু আমেরিকায় রয়েছেন এবং ইন্টার মায়ামি কর্তৃপক্ষের সঙ্গে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করছেন। আগামী বছর মেসিকে নিয়ে কলকাতায় আসার পরিকল্পনাকে সামনে রেখেই এই বৈঠক চলছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরই দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি হতে পারে বলেও জানা যাচ্ছে।
খবর অনুযায়ী, আগামী বছর ইন্টার মায়ামি প্রাক-মরশুম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করছে। সেই সফরে ভারত ও বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকতে পারে। দলটির সঙ্গে মেসিও আসতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। শতদ্রুর উদ্যোগে কলকাতা এবং বাংলাদেশকে এই সফরের সূচিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ইন্টার মায়ামির প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক দফায় ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর অপেক্ষা করতে পারে। পাশাপাশি, গত বছরের মতো কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে আর না তৈরি হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেহেতু এটি ইন্টার মায়ামির প্রাক-মরশুম সফর হতে পারে, তাই মেসির মাঠে নেমে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।







