শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর)। ভক্ত ও তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ করতে কাটিহার ও মনিহারী স্টেশনের মধ্যে একাধিক স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জুলাই থেকে এই বিশেষ পরিষেবা শুরু হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ০৭৫৪০/০৭৫৩৯ কাটিহার-মনিহারী-কাটিহার শ্রাবণী মেলা স্পেশাল মোট ২২টি করে ট্রিপ চালাবে। কাটিহার থেকে ট্রেনটি প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার সন্ধ্যা ৭টায় ছেড়ে ৭টা ৪৫ মিনিটে মনিহারী পৌঁছাবে। ফেরার পথে মনিহারী থেকে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ও সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে ছেড়ে ৪টা ১৫ মিনিটে কাটিহারে পৌঁছাবে। এই ট্রেনের স্টপেজ থাকবে মনসাহী ও মাহিয়ারপুর স্টেশনে।
এছাড়াও, ০৭৫৪২/০৭৫৪১ কাটিহার-মনিহারী-কাটিহার স্পেশাল মোট ৪টি ট্রিপ চালানো হবে। এই ট্রেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে কাটিহার থেকে ছেড়ে ৯টা ১৫ মিনিটে মনিহারী পৌঁছাবে। ফিরতি ট্রেন প্রতি মঙ্গলবার ও শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে মনিহারী থেকে ছেড়ে ৬টায় কাটিহারে পৌঁছাবে। এই ট্রেনও মাহিয়ারপুর ও মনসাহী স্টেশনে থামবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, শ্রাবণী মেলার সময় বিপুল সংখ্যক ভক্ত ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এতে যাত্রীদের ভ্রমণ আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় হবে এবং অতিরিক্ত ভিড়ও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও অতিরিক্ত ট্রেন চালানোর বিষয়টি বিবেচনা করা হবে।







