প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অসুস্থতার কারণে বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দু’দিন আগে তাঁকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচারের পর তিনি সুস্থ এবং শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।
সূত্রের খবর, এর আগেও মিঠুন চক্রবর্তীর ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল। সেই কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবারও অস্ত্রোপচার করা হয়েছে। এদিকে তাঁর শারীরিক অবস্থার খবর নিতে শুক্রবার হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, “একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। আজ বিকেলেই নিউটাউনে তাঁর বাড়িতে ফিরে যাবেন। বিষয়টি উনি খুব বেশি কাউকে জানাননি, তবে আমি আগে থেকেই জানতাম।”
মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হাসপাতালে উপস্থিত ছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তিনি পুষ্পস্তবক দিয়ে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানান। সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ও চোখে পড়ে।
যদিও মিঠুন চক্রবর্তীর অস্ত্রোপচারের সুনির্দিষ্ট কারণ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই অনুরাগী ও শুভানুধ্যায়ীরা দ্রুত সুস্থতা কামনা করছেন। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে শুক্রবার বিকেলেই হাসপাতাল থেকে ছুটি পাবেন মিঠুন চক্রবর্তী।







