কলকাতা মেট্রোর পার্পল লাইনে আরও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা ২০২৯ সালে যাত্রী নিয়ে ছুটবে বলে আশাবাদী রেল ও নির্মাণকারী সংস্থা। ইতিমধ্যেই খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শেষ হয়েছে।
নির্মীয়মাণ ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে পৌঁছেছে টানেল বোরিং মেশিন (TBM) ‘দিব্যা’। এর আগে ‘দুর্গা’ সফলভাবে ভিক্টোরিয়া স্টেশনে ব্রেকথ্রু করেছিল। প্রায় এক বছর ধরে চলা এই কাজের মাধ্যমে জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিং সম্পূর্ণ হল।
এই প্রকল্পে ‘দুর্গা’ ও ‘দিব্যা’—দুই TBM গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আপাতত ভিক্টোরিয়া মেমোরিয়ালে দু’টি মেশিনের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। আগামী নভেম্বর থেকে ফের পার্ক স্ট্রিটের দিকে টানেল খননের কাজে নামবে তারা।
পার্পল লাইনের অগ্রগতিতে শুভেচ্ছা জানিয়েছেন রেলমন্ত্রীও। মেট্রো কর্তৃপক্ষের দাবি, একের পর এক জটিলতা কাটিয়ে প্রকল্পের কাজ ধীরে ধীরে এগোচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা চালুর আশা আরও জোরালো হয়েছে।







