জেলা

একসঙ্গে বড়সড় পুলিশি অভিযান! ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা, ইস্তফা পঞ্চায়েত প্রধান

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে নীলগঞ্জ এলাকার তিনটি বাজি কারখানায় অভিযান চালায় দত্তপুকুর থানার পুলিশ। সেখান থেকে প্রায় ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৬০ কেজি বারুদ। বেআইনি ভাবে বাজি তৈরির অভিযোগে তিনটি কারখানাই সিল করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভোটের আগে হিংসার অভিযোগে হুগলিতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা সৌমেন ঘোষ। তিনি ধনেখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং ধনেখালি ব্লক তৃণমূলের সভাপতি। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে বিরোধীদের বাড়িতে হামলা, ভাঙচুর, হুমকি ও তোলাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে। এলাকায় তিনি ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

এদিকে বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল। প্রশাসন সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিডিও-র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পঞ্চায়েত সদস্য পদে তিনি থাকছেন। ৩০ সদস্যের এই পঞ্চায়েতে তৃণমূলের ১৬, বিজেপির ১১ এবং সিপিএমের ৩ জন সদস্য রয়েছেন। বিজেপির দাবি, পরিষেবা দিতে ব্যর্থ হয়েই প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেবব্রত।

এরই মধ্যে আজ বিধানসভায় উঠছে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংক্রান্ত দুটি সংশোধনী বিল। প্রস্তাব অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ এবং হাওড়ার ৫০ থেকে বেড়ে ৬৮ হতে পারে। জনসংখ্যা, বসতি, ভৌগোলিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই নতুন ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। এই দুই বিল নিয়ে আলোচনার জন্য একদিনের বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.