২০১৮ সালের ঘটনা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার এলাকায় মায়ের মৃত্যুর পর মাসির বাড়িতে থাকত ১৩ বছরের এক নাবালিকা। অভিযোগ, সেই সুযোগে নাবালিকার মেসোমশাই জামসেদ আলী মণ্ডল বাড়িতে একা থাকার সময় তাকে ভয় দেখিয়ে দিনের পর দিন যৌন নির্যাতন চালাতেন। ঘটনার কথা কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেওয়া হত বলে অভিযোগ।
দীর্ঘদিনের অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নাবালিকা সাহস করে তার মাসিকে বিষয়টি জানায়। এরপর নাবালিকার মামার লিখিত অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানায় মামলা রুজু হয়। তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর উৎপল প্রামাণিক। পুলিশ অভিযুক্ত জামসেদ আলী মণ্ডলকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়।
সম্প্রতি এই মামলায় রায় ঘোষণা করে মহামান্য আদালত। অভিযুক্ত জামসেদ আলী মণ্ডলকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।







