কলকাতা

ট্রেনের অপেক্ষা শেষ হয়নি, বাসের কাউন্টারে ভিড়! উত্তরবঙ্গ যেতে ধর্মতলায় হাহাকার, বাড়ল বেসরকারি বাসের ভাড়া

ফরাক্কায় রেললাইন মেরামতির কাজ এগোলেও শনিবারও পুরোপুরি স্বাভাবিক হল না উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা। আর তার জেরেই ধর্মতলায় বাসের টিকিটের জন্য ভিড় জমালেন বহু যাত্রী। দুপুরের মধ্যেই সরকারি এসি বাসের অধিকাংশ আসন পূর্ণ। কোথাও টিকিট না পেয়ে বেসরকারি বাসের দিকে ছুটতে হচ্ছে যাত্রীদের। অভিযোগ, সেই সুযোগে বেড়েছে ভাড়াও।

মুর্শিদাবাদের ফরাক্কায় অতিবৃষ্টির জেরে রেললাইনের নীচের মাটিতে ধস নামায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল ব্যাহত হয়। বাতিল হয়েছে একাধিক ট্রেন, কিছু ট্রেন আবার ঘুরপথে চালানো হচ্ছে। ফলে শিলিগুড়ি, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যেতে এখন বাসই অনেকের কাছে একমাত্র বিকল্প।

শনিবার দুপুর থেকেই ধর্মতলার সরকারি বাস কাউন্টারগুলিতে লম্বা লাইন দেখা যায়। সরকারি এসি বাসের টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী। নন-এসি বাসে কিছু আসন মিললেও এসি স্লিপার বা অন্যান্য আরামদায়ক বাসে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে।

মেদিনীপুরের পিংলার বাসিন্দা শ্রীমন্ত হাজরার শুক্রবার রাতে আপ দার্জিলিং মেলে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল। ট্রেন বাতিল হওয়ায় রাতটা স্টেশনেই কাটাতে হয় তাঁকে। শনিবার সকালে ধর্মতলায় এসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের টিকিট কাটেন। তাঁর কথায়, এসি বাসের টিকিট শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত দুপুরের নন-এসি বাসেই যেতে হচ্ছে।

একই সমস্যায় পড়েন হাওড়ার অনন্ত বাউড়িও। দার্জিলিঙে যাওয়ার জন্য সরকারি এসি স্লিপার বাসের টিকিট না পেয়ে বেসরকারি বাসের খোঁজ করেন তিনি। তাঁর দাবি, বেসরকারি স্লিপার বাসে একটি টিকিটের জন্য প্রায় ২,০০০ টাকা চাওয়া হচ্ছে। শুক্রবার কোনও কোনও যাত্রীকে উত্তরবঙ্গগামী বাসের টিকিটের জন্য ৫,০০০ টাকা পর্যন্ত দিতে হয়েছিল বলেও অভিযোগ।

ধর্মতলা থেকে এসবিএসটিসি একটি, এনবিএসটিসি ছ’টি এবং প্রয়োজন অনুযায়ী ডব্লিউবিটিসি বাস চালায়। শনিবার দুপুর ২টো পর্যন্ত এসবিএসটিসির বাসে কোনও আসন খালি ছিল না। বাড়তি চাহিদার কারণে ডব্লিউবিটিসি দু’টি বাস চালালেও সেগুলির টিকিটও শেষ হয়ে যায়। এনবিএসটিসির এসি বাসগুলির আসনও দুপুরের মধ্যেই পূর্ণ হয়ে যায়। কিছু নন-এসি বাসে অবশ্য টিকিট পাওয়া যাচ্ছিল।

এর মধ্যেই অবশ্য ফরাক্কায় আশার খবর দিয়েছে রেল। শনিবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় মেরামতির কাজ দ্রুত এগিয়েছে। বেলার দিকে ক্ষতিগ্রস্ত লাইনে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হয়েছে। তবে যাত্রিবাহী ট্রেন চালানোর আগে আরও কয়েক ধাপে পরীক্ষা হবে। রেল জানিয়েছে, মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে। সব পরীক্ষা সফল হলে শনিবার বিকেল থেকেই ফরাক্কা দিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফলে রাতের উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীরা এখনও অপেক্ষায়। আর যাঁদের দ্রুত গন্তব্যে পৌঁছতে হবে, তাঁদের ভরসা বাসই। ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধর্মতলায় এই অতিরিক্ত যাত্রীচাপ বজায় থাকার আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.