SIR মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নির্বাচন কমিশন এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীর কাছেও জবাব চেয়েছে শীর্ষ আদালত। তবে জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
নতুন ভোটারের নাম নথিভুক্ত করার জন্য ব্যবহৃত ফর্ম ৬-এ কার নির্দেশে পরিবর্তন করা হয়েছিল এবং কমিশনের সিদ্ধান্তগুলি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়েছিল কি না, তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। প্রতিবেদনে দাবি করা হয়, বাকি দুই নির্বাচন কমিশনারকে না জানিয়েই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম ৬-এ বিশেষ পরিবর্তন করা হলেও বিষয়টি নাকি জানতেন না বাকি দুই কমিশনার।
ওই সংবাদ প্রতিবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সোমবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। আবেদনকারী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি, রাকেশ কুমার সিং এবং সুধাকর সিংয়ের দাবি ছিল, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তগুলি খতিয়ে দেখা হোক। যদি দেখা যায়, সিদ্ধান্তগুলি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়নি, তাহলে সেগুলি বাতিল করা হোক। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করারও আবেদন জানানো হয়। তাঁর প্রাপ্ত রক্ষাকবচ প্রত্যাহারের দাবিও ওঠে।
মামলাকারীদের আইনজীবী বিকাশ সিংয়ের বক্তব্যের পর আদালত জানতে চায়, এই আবেদনের ভিত্তি কী। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনই কি এর একমাত্র ভিত্তি? আদালত জানায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় সর্বসম্মতি অথবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। সেই নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, নাকি একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে আদালত। পাশাপাশি কার নির্দেশে ফর্ম ৬-এ পরিবর্তন করা হয়েছিল, তাও জানতে চাওয়া হয়েছে।
তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে এত বড় পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তাই সাসপেনশনের আবেদনের কোনও ভিত্তি নেই। তবে মামলার অন্যান্য অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার এবং বাকি দুই নির্বাচন কমিশনারের কাছ থেকে জবাব চেয়েছে শীর্ষ আদালত।







