রাজনীতিরাজ্য

অগ্নিমিত্রা-শর্বরীর পাশে শুভেন্দু, সমালোচনা উপেক্ষা করে কাজের বার্তা মুখ্যমন্ত্রীর

অগ্নিমিত্রা পাল এবং শর্বরী মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁদের কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দুই সহকর্মীর হয়ে কার্যত ‘আস্থার ঢাল’ হিসেবে সামনে এলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব নেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতি ও অশান্তিও দক্ষতার সঙ্গে সামলেছেন স্থানীয় বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। কাজের ক্ষেত্রে দু’জনেই সক্রিয় হলেও বারবার তাঁদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে সেই সমালোচনায় গুরুত্ব না দিয়ে নিজেদের মতো করে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শই দিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার কুঁদঘাটের একটি স্থানীয় জলাশয় পুনরুদ্ধার ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন এবং পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই অগ্নিমিত্রা পাল এবং যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অগ্নিমিত্রার কর্মতৎপরতার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, তিনি অত্যন্ত ‘প্রো-অ্যাক্টিভ’ বা কর্মমুখরভাবে কাজ করছেন। প্রশাসনিক দফতরে বসে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত রাস্তায় নেমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখেন পুরমন্ত্রী। তাঁর এই জনসংযোগ এবং সক্রিয়তাই বিরোধীদের অসন্তোষের অন্যতম কারণ বলেও দাবি করেন শুভেন্দু।

সমালোচকদের উপেক্ষা করে অগ্নিমিত্রাকে নিজের মতো করে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিরোধীদের পুরোপুরি এড়িয়ে চলতে হবে। কারণ সাধারণ মানুষের কাছে তাঁরা প্রত্যাখ্যাত। অগ্নিমিত্রাকে ‘চরৈবতি’ মন্ত্রে এগিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।

এ দিন কলকাতার বর্তমান প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডের কাজের কথাও উল্লেখ করেন শুভেন্দু। পাশাপাশি যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ভূমিকার বিশেষ প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কঠিন পরিস্থিতি সামলে ধীরে ধীরে যাদবপুর চত্বরকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে শর্বরীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর দৃঢ় অবস্থান ও সক্রিয়তার কারণে এলাকার ‘অরাজকতার গ্যাং’গুলি আতঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি।

এ দিনের অনুষ্ঠান থেকে টালিগঞ্জের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একসময় গ্রামের মানুষ পাপিয়া অধিকারীকে মূলত যাত্রাজগতের জনপ্রিয় মুখ হিসেবেই চিনতেন। কিন্তু টালিগঞ্জের সচেতন ভোটাররা তাঁকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন। এর মাধ্যমে একাধিক হেভিওয়েট নেতা ও মন্ত্রীকেও তাঁরা প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেন শুভেন্দু।

এরপর নগরোন্নয়ন দফতরের কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নগরোন্নয়ন সচিব খলিল অত্যন্ত সৎ ও দক্ষ আধিকারিক। একইসঙ্গে নগরোন্নয়ন এবং দমকলের মতো গুরুত্বপূর্ণ দুটি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তাঁর নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতার কারণেই মাত্র সাড়ে পাঁচ মাসের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প সফলভাবে চালু করা সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.