কনট প্লেসে শুক্রবার ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কর্মসূচির আগে বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে, যাতে সেখানে বিপুল সংখ্যায় জমায়েত না করা হয়। পাশাপাশি পুলিশ জানিয়েছে, কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কোনও ‘উপযুক্ত জায়গায়’ ১১ জনের একটি দলকে জাতীয় পতাকা বহন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।
এর আগে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচির জেরে দিল্লির বিভিন্ন প্রান্তে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও সমস্যায় পড়ার আশঙ্কা প্রকাশ করে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন অনিল কুমার গুপ্তা নামে এক ব্যক্তি। বিশেষ করে উৎসবের মরশুমে এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াতে পারে বলে তাঁর দাবি ছিল। কর্মসূচি বাতিলের আবেদন জানানো হলেও আদালত স্পষ্ট করে দেয়, প্রতিবাদ করার অধিকার সকলেরই রয়েছে। তাই কর্মসূচি বাতিল না করে ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের তরফে এই প্রস্তাব সামনে এল।
বৃহস্পতিবার পুলিশের বিবৃতিতে সাধারণ মানুষকে জমায়েতে অংশ না নেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, কনট প্লেস এবং সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যারিকেড টপকে যন্তর মন্তরে ঢুকে পড়েছিলেন ককরোচ জনতা পার্টির দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। ওই ঘটনায় আদালত তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ। তাঁর দাবি, ককরোচ নেতারা কোনও অন্যায় করেননি, তাঁরা শুধু জাতীয় পতাকা উড়িয়েছেন। অন্যদিকে, এক্স হ্যান্ডেলে দীপক লেখেন, ‘দোষ শুধু তেরঙ্গা ওড়ানো। হিম্মত থাকলে মোদিজি, এমার্জেন্সি ঘোষণা করুন।’







